নতুন বছরে সন্ত্রাস, ইস্তাম্বুলে হামলার নিন্দায় পোপ
নতুন বছরের বার্তায় সন্ত্রাসী কর্মকাণ্ড আর তুরস্কের ইস্তাম্বুলে হামলার নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
সন্ত্রাস রুখতে এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্ব নেতাদেরকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ২০১৭ সালের শুরুতেই বিশ্ব রক্তের চিহ্নে ছেয়ে যাচ্ছে।
সেন্ট পিটার্স স্কয়ারে ৫০ হাজার মানুষের সমাবেশে রোববার নববর্ষের বার্তায় পোপ একথা বলেন। ইস্তাম্বুলে নাইটক্লাবে হামলায় অন্তত ৩৯ জন নিহতের ঘটনারও নিন্দা জানান তিনি।
পোপ বলেন, “নতুন বছরের জন্য শুভ আকাঙ্খা আর আশাবাদের রাতটিতেও সহিংসতার এমন আঘাত খুবই দুভার্গজনক, মর্মন্তুদ। আমি তুরস্কের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। যারা হামলা শিকার হয়েছে, আহত হয়েছে তাদের জন্য এবং সর্বপোরি শোকার্ত এ জাতির জন্য আমি প্রার্থনা করছি।”
“বিশ্বের ভাল মনের মানুষেরা সাহসের সঙ্গে কোমর বেঁধে এই সন্ত্রাসের বিরুদ্ধে এবং রক্তের যে চিহ্ন বিশ্বকে আতঙ্ক আর বেদনার কালো ছায়ায় ঢেকে দিচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ে নামুক ইশ্বরের কাছে এ আর্জিই জানাচ্ছি।”
প্রতিটি মানুষ ইশ্বরের সহায়তায় দিনের পর দিন ভাল কিছু করার চেষ্টা নিলেই নতুন বছর ভাল হয়ে উঠবে বলে পোপ মন্তব্য করেন।
তিনি বলেন, ঘৃণা ও সহিংসতাকে ‘না’ বলা আর ভ্রাতৃত্ব ও সম্প্রীতিকে ‘হা’ বলার মধ্য দিয়েই শান্তি স্থাপিত হতে পারে।
