বাগদাদে জোড়া বোমা হামলা, আইএসর দায় স্বীকার
ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্ততপক্ষে ২৮ জন নিহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।
শনিবার বাগদাদের কেন্দ্রীয় অঞ্চলে একটি ব্যস্ত মার্কেটে এই জোড়া বোমা হামলা চালানো হয়।
বিবিসি জানায়, আল-সিনাক মার্কেটে গাড়ির খুচরা যন্ত্রাংশ বিক্রির দোকানগুলোর সামনে এই বোমা বিস্ফোরণে আরও ৫০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, প্রথম রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটে। তার পরপরই ভিড়ের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী হামলা চালায়।
আইএসর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তাদের দুইজন আত্মঘাতী হামলাকারী এ হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের একজন সাংবাদিকদের বলেন, “সকালে খাবার বিক্রির একটি ভ্যান ঘিরে লোকজন দাঁড়িয়ে ছিল। ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটানো হয়।”
এ বছর ইরাকে বেশ কয়েকটি বড় ধরণের বোমা হামলার ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে শিয়া সম্প্রদায়ের লোকেরাই হামলার শিকার হয়েছে।
শনিবারের হামলায়ও হতাহত বেশিরভাগই শিয়া সম্প্রদায়ের মানুষ বলে জানিয়েছে বিবিসি।
এর আগে নভেম্বরে ট্রাক বোমা হামলায় শিয়া তীর্থযাত্রীসহ ৭৭ জন এবং জুলাইয়ে একটি শপিং সেন্টারে বোমা হামলায় ২৮১ জন নিহত হয়। উভয় হামলায় দায়ই স্বীকার করে আইএস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল
