২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইমস স্কয়ারে বর্ষবরণের নিরাপত্তায় ৭ হাজার পুলিশ

সন্ত্রাসী হামলার শংকা ও লাখো মানুষের ঢল সামলাতে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের বর্ষবরণ অনুষ্ঠানে মোতায়েন থাকবে সাত হাজার সশস্ত্র পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 02:00 PM

Updated : 20 Aug 2022, 02:37 PM

শনিবার সন্ধ্যার পর স্কয়ারে আসা সবাইকে কয়েক স্তরের নিরাপত্তা পার হতে হবে; সঙ্গে রাখা যাবে না ছাতা কিংবা ব্যাগ। পুলিশের পাশাপাশি শতাধিক ভ্যান, হেলিকপ্টার, নৌ-যান ও বালু ভর্তি ৬৫টি ট্রাক নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে রাজ্যের পুলিশ কমিশনার জেমস পি ওনিল এ তথ‌্য তুলে ধরেন।

তিনি বলেন, কোনো ধরনের হামলার হুমকি না থাকলেও বর্ষবরণে আগতদের নিরাপত্তায় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

“উৎসবের আমেজে নতুন বছরকে বরণ করতে টাইমস স্কয়ারের চেয়ে নিরাপদ আর আনন্দদায়ক স্থান যে দ্বিতীয়টি নেই, তা আমরা প্রমাণ করতে চাই,” বলেন তিনি।

নিরাপত্তা নিশ্চিতে শহরের সব বাস, সাবওয়ে ও চার্চগুলোতে কঠোর নজরদারি থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

“সিটির ব্যস্ত এলাকাগুলোতে থাকছে অতিরিক্ত সিসি ক্যামেরা। এর বাইরে সাদা পোশাকে থাকবে শতশত পুলিশ; টাইমস স্কয়ারের আশপাশের সব উঁচু ভবনের ছাদেও পুলিশ মোতায়েন থাকবে।”

বর্ষবরণের আলাদা আয়োজন থাকায় নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক, ব্রুকলিনের কোনি আইল্যাণ্ডেও ‘বিশেষ নিরাপত্তা’ নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।  

রাজ্য পুলিশের চিফ কার্লোস গোমেজ জানান, বর্ষবরণ অনুষ্ঠানের কারণে মিডটাউনের ৩৩ স্ট্রিট থেকে ৫৯ স্ট্রিট পর্যন্ত সব রাস্তা সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিয়ো। তিনি নিরাপত্তার স্বার্থে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানান।