২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে মজুরি বাড়ছে যুক্তরাষ্ট্রের ১৯ স্টেটে

নতুন বছরের প্রথম দিন থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কসহ ১৯টি স্টেটে ঘণ্টা প্রতি মজুরি বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2016, 10:35 PM

Updated : 20 Aug 2022, 02:37 PM

এর মধ্যে ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন সিটির জন্যে প্রথমবাবের মতো চালু হচ্ছে আলাদা মজুরি-ঘণ্টা।

গত এপ্রিলে ন্যূনতম মজুরি বাড়ানোর বিলে স্টেট গর্ভনর অ্যান্ড্রু কুমোর স্বাক্ষরের পর নতুন বছরের প্রথম দিন থেকে কার্যকর হতে যাচ্ছে এই আলাদা মজুরি কাঠামো।

বিল অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি হবে ঘণ্টায় ১১ ডলার; যেসব প্রতিষ্ঠানে অন্তত ১১ জন কর্মচারী রয়েছে সেখানে এ নিয়ম মানা বাধ্যতামূলক। আর যেসব প্রতিষ্ঠানের কর্মচারী সংখ্যা ১০ জন অথবা তার চেয়ে কম, তাদের জন্যে ঘণ্টায় ন্যূনতম মজুরি হবে সাড়ে ১০ ডলার।

স্টেটের লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার সিটিতে প্রতি ঘণ্টায় ন্যূনতম মজুরি বর্তমানের ৯ ডলার থেকে বেড়ে হবে ১০ ডলার।

এই স্টেটের বাকি অংশের মজুরি হবে ঘণ্টায় ন্যূনতম ৯.৭০ ডলার করে।

নিউ ইয়র্ক স্টেটের গভর্নর অ্যান্ড্রু কুমো বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "যারা পূর্ণ সময় কাজ করেন, তারা যেন দারিদ্র্যের অভিশাপে জর্জরিত না হন, সেজন্যে নিউ ইয়র্ক রাজ্য মজুরি বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে। নিউ ইয়র্কের লাখ লাখ কঠোর পরিশ্রমী মানুষকে স্বচ্ছল জীবনযাপনের সুযোগ তৈরি করে দিল।"

বছরের শুরুর দিকে পাশ হওয়া বিলের অধীনে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে নিউ ইয়র্ক সিটির কর্মচারীদের ন্যূনতম বেতন প্রতি ঘণ্টায় ১৫ ডলার করে হবে। ১০ অথবা তার চেয়ে কমসংখ্যক কর্মচারীওয়ালা প্রতিষ্ঠানে এই মজুরি হার হবে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে।

আপস্টেট নিউ ইয়র্কে ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি ঘণ্টা হবে ১২.৫০ ডলার।

গভর্নরের নির্দেশে নিউ ইয়র্ক স্টেট শ্রম দপ্তর একটি হটলাইন (১-৮৮৮-৪৬৯-৭৩৬৫) চালু করেছে। শ্রমিক-কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী মজুরি না পেলে এই নম্বরে অভিযোগ করতে বলা হয়েছে।

শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, মজুরি বাড়ানোর এই নির্দেশ বাস্তবায়িত হলে নিউ ইয়র্ক সিটির বিপুলসংখ্যক বাংলাদেশিসহ ২০ লাখের বেশি কর্মচারী সুবিধা ভোগ করবেন।

নতুন বছরের শুরুতে নিউ ইয়র্ক ছাড়াও আরও ১৮টি স্টেটে স্বল্প আয়ের শ্রমিক-কর্মচারীদের মজুরি বাড়বে।

কোনো কোনো সিটিতে ন্যূনতম মজুরি হবে ঘণ্টায় ১৫ ডলার করে। অ্যারিজোনা, মেইন, কলোরাডো এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভোটাররা মজুরি বাড়ানোর পক্ষে রায় দিয়েছেন। আলাস্কা, ফ্লোরিডা, মিজৌরি, মন্টানা, নিউজার্সি, ওহাইয়ো এবং সাউথ ডেকোটা স্টেটে ন্যূনতম মজুরি বাড়বে আগের সিদ্ধান্ত অনুযায়ী।

এছাড়া, আরকানসাস, কানেকটিকাট, হাওয়াই, মিশিগান এবং ভারমন্ট অঙ্গরাজ্যেও ন্যূনতম মজুরি ঘণ্টা বাড়বে নতুন বছরের প্রথম দিন থেকেই। অরিগন, ওয়াশিংটন ডিসি এবং ম্যারিল্যান্ড স্টেটেও স্বল্প আয়ের লোকজনের মজুরি বাড়বে নতুন বছরের শেষার্ধে।

সর্বশেষ ২০০৯ সালে ফেডারেল সরকারের ন্যূনতম মজুরি বেড়ে ঘণ্টায় সোয়া সাত ডলার করে হয়। এরপর ডেমোক্রেটিক পার্টির সিনেটর ও কংগ্রেসম্যানরা কয়েক দফা চেষ্টা করেও ন্যূনতম মজুরি বাড়ানোর বিল পাশ করতে পারেননি।

এ অবস্থায় স্টেট ও বিভিন্ন স্থানীয় প্রশাসন চলতি বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি বাড়ানোর এই উদ্যোগ নেয়।