২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেরির বক্তব্যের নিন্দায় নেতানিয়াহু

ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 09:36 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া ৭০ মিনিটের এক বক্তৃতায় কেরি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপে হতাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, ফিলিস্তিনের দখলকৃত এলাকায় ইসরায়েলের বসতি নির্মাণে মধ্যপ্রাচ্যের শান্তি বিপন্ন হচ্ছে এবং দ্বি-রাষ্ট্রীক সমাধানের মাধ্যমে শান্তি আলোচনার যে আশা করা হয়েছিল সেটাও মুখ থুবড়ে পড়েছে।

কেরির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নিজেদের হতাশা প্রকাশ করে নেতানিয়াহু বলেন, বসতি স্থাপণ নিয়ে কেরির বক্তব্য ‘ভারসাম্যহীন’ এবং ‘পাগলের প্রলাপ’।

তিনি বলেন, “কেরি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সন্ত্রাসবাদের অবিরাম প্রচারণাকে সমর্থন দিয়েছেন।”

“ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করে নিতে ফিলিস্তিনিদের অস্বীকৃতির কারণেই মূলত এ দ্বন্দের সূত্রপাত হয়েছে। অথচ এই সাধারণ সত্যিটা জনাব কেরি দেখতে পাচ্ছেন না।”

যদিও কেরির বক্তৃতার আগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে ইসরায়েলকে সমর্থন দিয়ে বলেন, তিনি (ইসরায়েলকে) ‘অবজ্ঞা ও অসম্মানের চোখে দেখা’ মেনে নেবেন না।

জানুয়ারিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসলায়েল ও ফিলিস্তিনের ভবিষ্যত শান্তিচুক্তির খসড়া তৈরির জন্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হওয়ার কথা রয়েছে।

ফরাসি কর্তৃপক্ষ এ বিষয়ে কেরিকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।  ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক-এহুদ বলেন, “কেরির বক্তব্য পরিষ্কার, অবিচল এবং সাহসী।”

কেরির বক্তৃতার পর ইসরায়েলের বসতি স্থাপণ কার্যক্রম বন্ধ হলে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শান্তি আলোচনায় বসতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তার সহযোগীরা।

শান্তি আলোচনায় ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব ইরাকাত বলেন, “এই একমাত্র, বিস্তৃত এবং সর্বশেষ সমাধানের উদ্যোগ শেষ পর্যন্ত পরিণতি পাবে বলেই বিশ্বাস প্রেসিডেন্ট আব্বাসের।”

“যদি ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপণ কার্যক্রম বন্ধ করতে রাজি হয় এবং দুই পক্ষ যে চুক্তি সাক্ষর করেছে তা বাস্তবায়ন করে তবে ফিলিস্তিন নেতারা খুশি মনে শান্তি আলোচনার টেবিলে বসবেন।”

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত ভোট অনুষ্ঠিত হয় এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের বসতি স্থাপণের বিপক্ষে রায় আসে।

যুক্তরাষ্ট্র ওই দিন ভোট দানে বিরত থাকে। এমনকি দেশটি ইসরায়েলবিরোধী এ প্রস্তাবে ভেটোও দেয়নি।