সিরিয়ায় আইএসের ৪৪ জঙ্গিকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি তুরস্কের
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আল বাবে অভিযানের সময় ইসলামিক স্টেটের (আইএম) ৪৪ জঙ্গিকে ‘নিষ্ক্রিয়’ ও ১১৭ জনকে আহত করার দাবি করেছে তুর্কি সামরিক বাহিনী।
বুধবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে তারা।
মঙ্গলবার আইএসের ১৫৪টি লক্ষ্যস্থলে গোলাবর্ষণ করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। এ দিন জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে তুর্কিপন্থি সাত বিদ্রোহী আহত হওয়ার কথাও জানানো হয়েছে।
তুরস্কের সিরীয় সীমান্ত থেকে সুন্নি জঙ্গি ও কুর্দি যোদ্ধারের হটাতে প্রায় চার মাস আগে সিরিয়ায় ‘ইউফ্রেতিস শিল্ড’ নামে অভিযানে নামে তুর্কি সামরিক বাহিনী। তাদের সমর্থন নিয়ে তুর্কিপন্থি সিরীয় বিদ্রোহীরা সীমান্তের নিকটবর্তী আইএস নিয়ন্ত্রিত শহর আল বাব অবরোধ করে।
গত কয়েক সপ্তাহ ধরে চলা এ অবরোধের মধ্যে আইএস জঙ্গিদের সঙ্গে তুর্কিপন্থি বিদ্রোহী ও তুর্কি সেনাদের তীব্র লড়াই চলছে।
সিরিয়ার সরকারি বাহিনীর হাতে আলেপ্পোর পতনের পর আল বাবের লড়াই সামনে চলে এসেছে। তুর্কি বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
