২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানপুরে শিয়ালদহ-আজমির এক্সপ্রেস লাইনচ্যুত, নিহত ২

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিয়ালদহ থেকে আজমির যাওয়ার পথে উত্তর প্রদেশের কানপুরের কাছে একটি এক্সপ্রেস ট্রেনের ১৫টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত দুই জন নিহত ও ৪৬ যাত্রী আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 09:55 AM

Updated : 12 Apr 2022, 03:36 AM

বুধবার ভোর প্রায় ৫টা ২০ মিনিটের দিকে কানপুর থেকে ৭০ কিলোমিটার দূরে রুরা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে, খবর আনন্দবাজার ও এনডিটিভির।

লাইনচ্যুত বগিগুলো থেকে আট যাত্রীকে উদ্ধার করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছেন পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জাকি আহমেদ।

ভারতীয় রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অমিত মালভিযা জানিয়েছেন, ওই এলাকায় শুকনা একটি খালের সেতু অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ১৩টি স্লিপার ও দুটি সাধারণ বগি লাইনচ্যুত হয়। 

ঘন কুঁয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুটি বগি সেতু থেকে নিচে পড়ে গেছে।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বলেছেন, “উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে কানপুর থেকে একটি ট্রেন দুর্ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। এখন উদ্ধার ও চিকিৎসার উপরই আমরা বেশি জোর দিচ্ছি।”  

উত্তর প্রদেশের পুলিশ প্রধান আহমেদ জাভেদ জানিয়েছেন, লাইনচ্যুত বগিগুলো থেকে সব যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু।

সম্প্রতি এই এলাকায় এ নিয়ে দ্বিতীয় ট্রেন দুর্ঘটনা ঘটল। নভেম্বরে একই লাইনে ইন্দোর-পাটনা লাইনের একটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ১৫০ জন নিহত ও ২০০ জন আহত হয়েছিলেন।