বড়দিনে গির্জায় যাননি রানি এলিজাবেথ
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে গির্জায় যাননি যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ।
তীব্র শীতে অসুস্থতায় ভোগার কারণে তিনি গির্জার অনুষ্ঠানিকতায় যোগ দিতে পারেননি বলে এক বিবৃতিতে জানিয়েছে ‘বাকিংহাম প্যালেস’।
রাজপ্রাসাদ জানায়, সুস্থ হয়ে ওঠার জন্য রানি ঘরেই অবস্থান করছেন। তবে তারপরও তিনি পরিবারের সঙ্গে বড়দিনের উৎসবে যোগ দেবেন।
রানির নোরফোক এস্টেটের স্যানড্রিংহামে একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রিন্স ফিলিপ, প্রিন্স চার্লস, প্রিন্স হ্যারি এবং রাজপরিবারের অন্যান্য সদস্যরা।
রানি এবং প্রিন্স ফিলিপ দুজনই ঠান্ডাজনিত অসুস্থতার কারণে ভ্রমণ পিছিয়ে দিয়ে একদিন দেরী করে বড়দিনের ছুটি নেন। বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার হেলিকপ্টারে করে নোরফোক যান তারা।
এরপরই রাজপ্রাসাদের মুখপাত্র জানান, “বড়দিনের সকালে রানি গির্জায় যাচ্ছেন না। তার ঠান্ডা লেগেছে। একারণে তিনি ঘরেই থাকছেন। তবে বেলা বাড়লে তিনি রাজপরিবারের বড়দিনের উৎসবে যোগ দেবেন।”
ওদিকে, প্রিন্স উইলিয়াম এবার রাজপ্রাসাদে নয় বরং বড়দিনের উৎসব বার্কশায়ারের বাকলবারি অর্থাৎ, শ্বশুরবাড়িতেই উদযাপন করছেন বলে জানিয়েছে রাজপরিবার।
