২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিন হামলা: তিউনিসিয়ায় আমরির ভাইপো গ্রেপ্তার

জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে বার্লিনের সন্দেহভাজন হামলাকারীর ভাইপোসহ তিনজনকে আটক করেছে তিউনিসীয় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 07:40 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার আটক তিনজনের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

“তারা একটি জঙ্গি সংগঠনের সদস্য।”

গত সোমবার জার্মানির বার্লিনে একটি ক্রিসমাস মার্কেটে লরি নিয়ে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা এবং ৪৯ জনকে আহত করা হয়।

সন্দেহভাজন হামলাকারী তিউনিসীয় শরণার্থী আনিস আমরি (২৪) শুক্রবার ভোরে ইতালির মিলান শহরের কাছে পুলিশের ‍গুলিতে নিহত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আমরির ভাইপো গোয়েন্দা নজরদারি এড়িয়ে অনলাইনে তার চাচার সঙ্গে যোগাযোগ রেখেছিল বলে স্বীকার করেছে।

“সে (আমরির ভাইপো) নিজে ইসলামিক স্টেটের সমর্থক বলেও আমাদের জানিয়েছে।”

শুক্রবার আইএস একটি ভিডিও প্রকাশ করে। যেখানে আমরিকে আইএস প্রধান আবু-বকর-আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশের প্রতিশ্রুতি দিতে দেখা যায়।