২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনে আইএস হামলার বিষয়ে সতর্ক করেছে এফবিআই

যুক্তরাষ্ট্রে বড়দিন সামনে রেখে জনসমাগম পূর্ণ এলাকায় ইসলামিক স্টেটের (আইএস) হামলার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছে এফবিআই।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Dec 2016, 06:33 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দেয়।

শুক্রবার বুলেটিন আকারে প্রকাশিত ওই সতর্ক বার্তায় বলা হয়, আইএস তাদের অনুসারীদের বড়দিন উদযাপনে জড়ো হওয়া ভিড় এমনকি গির্জায় হামলা চালনোর আহ্বান জানিয়েছে।

তবে সুনির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই জানিয়ে ফেডারেল কর্তৃপক্ষ জনগণকে আতঙ্কিত না হওয়ার কথাও বলেছেন।

এফবিআই-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি অনলাইনে প্রকাশিত একটি লিংকে যুক্তরাষ্ট্রের গির্জাগুলোতে হামলার আহ্বান জানানো হয়েছে। এ ধরণের অন্যান্য হুমকিগুলোর মত এফবিআই এ বিষয়টিও অনুসরণ করছে। লিংকটির বিশ্বাসযোগ্যতাও খতিয়ে দেখা হচ্ছে।” 

সিএনএন-র খবরে বলা হয়, ইসলামিক স্টেটের সমর্থকরা ‘বড়দিনের ভিড়ের মধ্যে হামলা চালানোর উচ্চাভিলাষী আহ্বান জানানো অব্যাহত রেখেছে। এমনকি গির্জাগুলোতেও হামলা চালানোর কথা বলা হয়েছে।

গত সোমবার জার্মানির বার্লিনে বড়দিন সামনে রেখে বসা একটি বাজারে ভিড়ের উপর ইস্পাত বহনকারী একটি লরি উঠিয়ে দেওয়া হয় এবং ভিড় মাড়িয়েই লরি নিয়ে চালক প্রায় ৫০ থেকে ৮০ মিটার এগিয়ে যায়।

এ ঘটনায় ১২ জন নিহত এবং ৪৯ জন আহত হয়।

আইএস-র দাবি তাদের এক অনুসারী ওই হামলা চালিয়েছে। যদিও দাবির পক্ষে প্রমাণ তারা দিতে পারেনি।

হামলার সন্দেহভাজন এক তিউনিসীয় পরে ইতালির মিলানে পুলিশের গুলিতে নিহত হয়।

এর আগে জুলাই মাসে ফ্রান্সের নিস শহরে একই ধরণের হামলা চালিয়ে ৮৬ জনকে হত্যা করা হয়। আইএস ওই হামলার দায় স্বীকার করেছিল।