যুক্তরাষ্ট্রজুড়ে আইএসপন্থিদের হামলার ব্যাপারে সতর্কতা
যুক্তরাষ্ট্রের চার্চসহ বিভিন্ন জমায়েতস্থলে ছুটির দিনে ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকেরা তাদের প্রতি সহানুভূতিশীলদের হামলা চালানোর ডাক দিয়েছে। আর এ ব্যাপারে স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ।
একটি বুলেটিনের মাধ্যমে স্থানীয় নিরাপত্তা রক্ষাকারী সংস্থাগুলোর উপর এই সতর্কতা জারি করা হয়েছে বলে একজন আইনপ্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন।
তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট বা নিশ্চিত কোনো তথ্য বা হুমকি নেই।
যুক্তরাষ্ট্রের চার্চগুলোর একটি তালিকা ইসলামিক স্টেট-পন্থি একটি ওয়েবসাইটে পাওয়ার পর ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ব্যাপকভাবে সাবধান করে নোটিশ জারি করে।
এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে, “যুক্তরাষ্ট্রের চার্চগুলোতে হামলার ডাক দিয়ে অনলাইনে প্রকাশিত সাম্প্রতিক হুমকির ব্যাপারে এফবিআই অবগত রয়েছে। এটির নির্ভরযোগ্যতা তদন্ত করতে গিয়ে এফবিআই একই ধরনের আরো হুমকির খোঁজ পেয়েছে।”
বুলেটিনটিকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, ইসলামিক স্টেটের প্রতি সহানুভূতিশীলরা ছুটির দিনে চার্চসহ অন্যান্য জনসমাগমস্থলে হামলার জন্য ধারাবাহিকভাবে প্রেরণাদায়ী আহ্বান জানিয়ে যাচ্ছে।
বিভিন্নভাবে তারা এই সন্দেহজনক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যার জন্য পুলিশের সতর্ক থাকা উচিৎ- বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
