২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসুলে চার ত্রাণকর্মী নিহত: জাতিসংঘ

ইরাকের মসুলে চলতি সপ্তায় এলোপাতাড়ি গোলা হামলায় চার ত্রাণকর্মী এবং অন্ততপক্ষে সাতজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Dec 2016, 04:29 PM

Updated : 12 Apr 2022, 03:34 AM

মসুলের পূর্বাঞ্চলে দুটি পৃথক স্থানে ত্রাণ বিতরণের সময় নিহতের এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ব সংস্থাটি জানিয়েছে।

এই হামলার জন্য বিবৃতিতে কাউকে দায়ী করা হয়নি। তবে ইরাকের সামরিক অভিযানে পিছু হটা ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা ধারাবাহিকভাবে উত্তরাঞ্চলীয় এই শহরের ‘মুক্তাঞ্চলগুলোতে’ গোলা হামলা চালিয়ে যাচ্ছে।

এরফলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হতাহত হচ্ছেন।

আইএস জঙ্গিদের সর্বশেষ শক্তঘাঁটি হিসেবে বিবেচিত ইরাকের মসুলের এক চতুর্থাংশ দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে পুনর্দখলে নিয়েছে। কিন্তু এরপরও ইরাকি বাহিনী খুব ধীরে ধীরে সেখানে অগ্রসর হচ্ছে। এরফলে মূল্যও দিতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সহায়তায় স্থানীয় ১ লাখ দক্ষ সদস্যের সমন্বয়ে গঠিত বাহিনী চলতি বছরের ১৭ অক্টোবর থেকে শহরটি উদ্ধারে অভিযান শুরু করে।

ইরাকে জাতিসংঘের ত্রাণ সমন্বয়কারী লিজ গ্রান্ডে এই হামলাগুলোর তীব্র নিন্দা জানিয়ে একে মানবিক নীতিবিরোধী আখ্যা দেন।

“মানবিক ত্রাণের জন্য অপেক্ষারত মানুষেরা এমনিতেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। তাদের সহায়তা প্রয়োজন। তাদের রক্ষা করা উচিৎ, হামলা নয়।” –বলেন গ্রান্ডে।

তিনি আরো বলেন, “সংঘর্ষে জড়িত বিবদমান সব পক্ষকেই, সকল অংশেরই আন্তর্জাতিক মানবিক আইন সুরক্ষার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি সব পক্ষেরই সাধারণ মানুষের জীবন রক্ষা এবং তাদের ত্রাণ গ্রহণের নিশ্চয়তা দেওয়া প্রয়োজন।”

তবে কর্তৃপক্ষ সাধারণ মানুষ কিংবা সামরিক বাহিনীর সদস্যদের হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। কিন্তু চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, মসুলে লড়াইয়ে প্রতিদিন ডজনেরও বেশি মানুষ আহত হচ্ছেন।