ইরাকে কুর্দি পার্টির কার্যালয়ে বোমা হামলায় নিহত ৭
ইরাকের উত্তরাঞ্চলে ইরানের বিরোধীদলীয় কুর্দি পার্টির একটি কার্যালয়ে বোমা হামলায় অন্ততপক্ষে সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
ইরাকের নিরাপত্তা সূত্র এই খবর জানিয়েছে।
বিবিসি বলছে, মঙ্গলবার দিনের শেষভাগে দাঁড় করিয়ে রাখা একটি মটরসাইকেল ও বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এই ঘটনা ঘটে।
ইরবিলের পূর্বে কই সানজাকে ডেমক্র্যাটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান (পিডিকেআই) এর সদরদপ্তরের সামনে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
পার্টির সদস্যরা শীতকালীন একটি অনুষ্ঠান উদযাপনের সময় হামলাটি চালানো হয়।
তবে কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করছে কুর্দি বাহিনী। ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে আইএস জঙ্গিরা আগে একই ধরনের হামলা চালিয়েছে।
অবশ্য, কুর্দি অধ্যুষিত ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে স্বায়ত্বশাসনের দাবিতে দশকের পর দশক ধরে ইরানের রেভ্যুলুশনারি গার্ডের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে পিডিকেআই।
