২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উড়ন্ত উড়োজাহাজ থেকে মানব বর্জ্য ফেললে জরিমানা

উড়ন্ত অবস্থায় উড়োজাহাজের টয়লেট থেকে মানব বর্জ্য ফেলা হলে ভারতের এয়ারলাইন্সগুলোকে এবার জরিমানা গুণতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 08:40 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

বিবিসির খবরে বলা হয়, দিল্লির একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তার করা পিটিশনের রায়ে মঙ্গলবার ভারতের পরিবেশ আদালত এ আদেশ দেয়। জরিমানার পরিমাণ ৫০ হাজার রুপি।

রায়ে বিমান পরিবহন ব্যবস্থা পর্যবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলা হয়, “বিমানবন্দরে অবতরণ করা উড়োজাহাজে অবশ্যই আকস্মিক পরিদর্শনে যেতে হবে এবং দেখতে হবে মানব বর্জ্য রাখার ট্যাঙ্ক খালি কিনা।”

“যদি কোনো উড়োজাহাজ বর্জ্য ব্যবস্থাপনার এই আদেশ অমান্য করে অথবা যদি বিমানবন্দরে অবতরণ করা কোনো উড়োজাহাজের মানব বর্জ্য রাখার ট্যাঙ্ক খালি পাওয়া যায় তবে পরিবেশ দূষণের ক্ষতিপূরণ হিসেবে উড়োজাহাজের মালিককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে হবে।”

অবসরপ্রাপ্ত ওই সেনাকর্মকর্তার দাবি, উড়োজাহাজ থেকে দিল্লির আবাসিক এলাকার উপর মানব বর্জ্য ফেলা হয়।

তিনি বলেন, “বিমানবন্দরের কাছে আমার বাড়ির দেওয়াল ও ছাদ মানব বর্জে্য ঢাকা পড়ে থাকে। বিমানবন্দরের সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় উড়োজাহাজ থেকে ওই বর্জ্য ফেলা হয়।”

যদিও বিমান পরিবহন মন্ত্রণালয় এই পিটিশনের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছে, উড়োজাহাজের টয়লেট থেকে মানব বর্জ্য বিশেষ একটি ট্যাঙ্কে জমা হয়। সাধারণত উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণের পর ওই ট্যাঙ্ক পরিষ্কার করা হয়।

একজন জ্যেষ্ঠ বৈমানিক বিবিসিকে বলেন, “উড়ন্ত অবস্থায় উড়োজাহাজ থেকে মানব বর্জ্য রাখার ট্যাঙ্ক খালি করার ঘটনা খুবই বিরল। সাধারণত বর্জ্য রাখার ট্যাঙ্ক ভরে গিয়ে খুবই জরুরি অবস্থার সৃষ্টি হলে এটা করা হয়।”

উড়োজাহাজে থাকা টয়লেটে এক ধরণের রাসায়নিক ব্যবহার করা হয়। যাতে মানব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়াতে না পারে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বর্জ্য বরফে পরিণত হয়। যা ‘ব্লু আইস’ নামে পরিচিত।