২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় নিরাপত্তা বাহিনীর ‘গুলিতে ২৬ বিক্ষোভকারী নিহত’

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা ও অন্যান্য শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৬ জন সরকার বিরোধী বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Dec 2016, 01:45 PM

Updated : 12 Apr 2022, 03:34 AM

মঙ্গলবারের এসব নিহতরা মেয়াদ ফুরানো প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগের দাবিতে রাস্তায় বিক্ষোভ করছিলেন বলে জানিয়েছেন তারা।

সংবিধান অনুযায়ী মঙ্গলবার মধ্যরাতের পর প্রেসিডেন্ট হিসেবে কাবিলার মেয়াদ ফুরিয়েছে। দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকায় তিনি আর প্রার্থী হতে পারবেন না।

কিন্তু নির্বাচন না হওয়ায় সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের জন্য কোনো উত্তরাধিকারী নেই। নির্বাচনে উত্তরাধিকারী মনোনীত না হওয়া পর্যন্ত কাবিলার ক্ষমতায় থাকা অনুমোদন করেছে দেশটির সাংবিধানিক আদালত।

কিন্তু সরকার বিরোধীরা তা মানতে চাইছে না। তাদের অভিযোগ, ক্ষমতা আঁকড়ে থাকতেই নির্বাচন পিছিয়ে দিয়েছেন কাবিলা।

বিরোধীদলীয় নেতা এটিয়েনা শিসেকেদি শান্তিপূর্ণভাবে কাবিলাকে প্রতিরোধের ডাক দিয়েছেন। মঙ্গলবার দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা দেয়। কিনশাসায় বিভিন্ন এলাকা থেকে গুলির শব্দ পাওয়া যায়।

হিউম্যান রাইটস ওয়াচের গবেষক ইদা সয়্যার ট্যুইটারে বলেছেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, কারো নিহত হওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই।

বিক্ষোভ নিষিদ্ধ করে রাস্তায় সেনাবাহিনী নামানো হয়েছে। এমনিতে ব্যস্ত কিনশাসার বড় বড় রাজপথগুলো শুনশান হয়ে আছে, শুধু কোনো কোনো গলির মোড়ে তরুণদের জটলা। সেখানেও নিরাপত্তা বাহিনীর কাঁদুনে গ্যাস তাদের ব্যতিব্যস্ত করে রেখেছে।

বহু লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো।