জর্ডান হামলার দায় স্বীকার করেছে আইএস
জর্ডানের দক্ষিণের শহর কারাকে বন্দুকধারীদের গুলিতে কানাডার পর্যটকসহ ১০ জন নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
মঙ্গলবার আইএস—র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আইএস–র চার যোদ্ধা রোববার জর্ডানে ওই হামলা চালিয়েছে এবং তাদের মৃত্যুর মধ্য দিয়ে অভিযান শেষ হয়েছে।”
যদিও জর্ডান কর্তৃপক্ষ কারা হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানায়নি। শুধু বলেছে, হামলাকারীরা জর্ডানের নাগরিক।
রাজধানী আম্মান থেকে ১২০ কিলোমিটার দূরে দক্ষিণের শহর কারাকে রোববার একদল বন্দুকধারী প্রথমে টহল পুলিশের উপর হামলা করে। পরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে হামলাকারীরা একটি গাড়িতে করে পাহাড়ের চূড়ায় অবস্থিত দেশটির প্রাচীন ঐতিহ্যবাহী একটি দুর্গে ঢুকে পড়ে।
সেখানে পুলিশ পোস্টে হামলার পর তারা দুর্গের ভেতরে অবস্থান নেয়। এতে দুর্গের ভেতরে কয়েকজন পর্যটক আটকা পড়েন, তৈরি হয় জিম্মি সঙ্কট।
ওই দিন রাতে জর্ডান পুলিশের পক্ষ থেকে বলা হয়, রোববার তারা চারজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে।
“সন্ত্রাসীদের সঙ্গে বেশ কয়েক ঘণ্টা ধরে গোলাগুলির পর তাদের দুর্গের বাইরে বের করে এনে হত্যা করা হয়।”
আইনশৃঙ্খলা বাহিনী প্রায় ১০ জন পর্যটককে অক্ষত অবস্থায় দুর্গ থেকে বের করে আনতে সক্ষম হয়েছে বলেও জানায় পুলিশ। অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
