ইলেকটোরাল কলেজের আনুষ্ঠানিকতায় ট্রাম্পেই সায়
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগে ইলেকটোরাল ভোটের যে আনুষ্ঠানিকতা বাকি ছিল, তাও নির্বিঘ্নে শেষ হয়েছে।
ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া আটকাতে তাকে ভোট না দিতে ইলেকটরদের প্রতি আহ্বান ছিল হিলারি ক্লিনটনের সমর্থক ও নাগরিক অধিকারকর্মীদের একটি অংশের। তবে নির্বাচনের ছয় সপ্তাহ পর সোমবার ইলোকটোরাল কলেজের ভোটাভুটিতে ৫৩৮টি ভোটের মধ্যে প্রয়োজনীয় ২৭০টি জিতে নিতে রিপাবলিকান পার্টির প্রার্থীর তেমন কোনো বেগ পেতে হয়নি।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তাদের প্রেসিডেন্ট জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। ভোটের আগেই প্রেসিডেন্ট পদের প্রার্থীরা প্রতিটি অঙ্গরাজ্যে তাদের প্রতিনিধি হিসেবে ইলেকটরদের মনোনীত করেন। আর ভোটারদের ভোটে ঠিক হয়, কোন প্রার্থীর মনোনীত কতজন ইলেকটর প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটিতে থাকবেন।
অর্থাৎ, গত ৮ নভেম্বরের নির্বাচনের দিন ভোটাররা ট্রাম্প বা হিলারিকে মাথায় রেখে ভোট দিলেও আসলে তারা ৫০টি অঙ্গরাজ্যের জন্য ৫৩৮ জন ইলেকটর নির্বাচিত করে তাদের হাতে প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন।
এ কারণে ৮ নভেম্বরের নির্বাচনে প্রত্যক্ষ ভোটের হিসাবে ডেমোক্রেট প্রার্থী হিলারি রিপাবলিকান পার্টির ট্রাম্পের চেয়ে প্রায় ৩০ লাখ ভোট বেশি পেলেও ইলেকটোরাল ভোটের হিসাবে হেরে গেছেন তিনি।
৩০৬ ইলেক্টোরাল ভোট পাওয়ায় ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া তখনই নিশ্চিত হয়ে যায়। হিলারি পেয়েছিলেন ২৩২ ইলেকটোরাল ভোট।
বিবিসি লিখেছে, ট্রাম্পবিরোধীরা একের পর এক ইমেইল পাঠিয়ে গেছেন ইলেকটরদের; ফোন করে নিজেদের আবেদন তুলে ধরেছেন।
শেষ পর্যন্ত রিপাবলিকান পার্টির দুজন ইলেকটর তাদের প্রার্থীর বিপক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে চারজন ডেমোক্রেট ইলেকটর হিলারির বদলে তাদের ভোট দিয়েছেন অন্য প্রার্থীকে। শেষ পর্যন্ত প্রয়োজনীয় ২৭০ ভোটের বেশিই পেয়েছেন ট্রাম্প। আগামী ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে এই ভোটাভুটির পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
