রোহিঙ্গা নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ: অ্যামনেস্টি
রোহিঙ্গা মুসলিমদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংসতার যে অভিযোগ উঠেছে সেটা ‘মানবতার বিরুদ্ধে অবরাধ’ হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মিয়ানমারের সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করছে বলে মানবাধিকার গ্রুপটির প্রতিবেদনে অভিযোগ করা হয়।
যদিও মিয়ানমার সেনাবাহিনী বরাবর এই অভিযোগ অস্বীকার করছে। তাদের দাবি, তারা রাখাইন রাজ্যে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে।
এদিকে ইয়াংগুনে আঞ্চলিক নেতাদের এক বৈঠকে মিয়ানমার সরকার রোহিঙ্গা বিষয়ে একটি সমাধানে উপনীত হতে ‘সময় ও জায়গা’ প্রয়োজন বলে জানিয়েছে।
রোহিঙ্গা বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ মালয়েশিয়া।
মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়, এটা এখন ‘আঞ্চলিক উদ্বেগের’ বিষয়ে পরিণত হয়েছে।
রাখাইন রাজ্যে মানবিক ত্রাণ এবং মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) এর প্রতি আহ্বানও জানানো হয়েছে।
অক্টোবরে রাখাইন রাজ্যের তিনটি সীমান্ত পুলিশ পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় পুলিশ নিহত হওয়ার পর ওই অঞ্চলে বড় ধরণের সামরিক অভিযান শুরু হয়।
তারপর থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে রাজ্যের বেসামরিক নাগরিক বিশেষ করে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও ধর্ষণ এবং তাদের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠে।
প্রাণ বাঁচাতে অনেক রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
মিয়ানমার সেনাবাহিনী তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করলেও সংঘাতময় এলাকায় আন্তর্জাতিক ত্রাণ ও পর্যবেক্ষক দলকে প্রবেশের অনুমতি দিচ্ছে না।
