আইএমএফ প্রধান লগার্দের গাফিলতি আদালতে প্রমাণিত
এক ব্যবসায়ীকে ৪০ কোটি ইউরো ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লগার্দের ‘গাফিলতি’ আদালতে প্রমাণিত হয়েছে।
তবে সেজন্য তার কোনো শাস্তি হবে না বলে সোমবার এক রায়ে জানিয়েছে ফ্রান্সের একটি আদালত।
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী বের্নার্ড তাপে একটি কোম্পানির শেয়ার বিক্রিতে ‘ঠকে যাওয়ায়’ ২০০৮ সালে সরকারের তরফ থেকে তাকে ৪০ কোটি ইউরো ক্ষতিপূরণ দেওয়া হয়। ফ্রান্সের অর্থমন্ত্রী হিসেবে ওই ঘটনায় লগার্দেরও ভূমিকা ছিল।
বরাবরই অভিযোগ অস্বীকার করা লগার্দ সোমবার রায়ের সময় আদালতে ছিলেন না। কোর্ট অব জাস্টিস অব দ্য রিপাবলিকের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই বলে ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
এ ঘটনায় ‘সরকারি দায়িত্বে থেকে অবহেলার’ অভিযোগ আনা হয়েছিল ৬০ বছর বয়সী লগার্দের বিরুদ্ধে। ফ্রান্সের আইনে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
বিবিসি জানিয়েছে, লগার্দের রায়ের পর সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছে আইএমএফ এর পর্যদ।
২০১১ সালে দোমিনিক স্ত্রস-কানের পর আইএমএফ এর নেতৃত্বে আসেন লগার্দ। স্ত্রস-কান নিজেও এক সময় ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন। যৌন হয়রানির এক মামলায় নিউ ইয়র্কে গ্রেপ্তার হওয়ার পর তিনি এইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। অবশ্য পরে তার ওই মামলা তুলে নেওয়া হয়।
বিশ্বের আর্থিক খতের অন্যতম এই মোড়ল প্রতিষ্ঠানের আরেক সাবেক প্রধান স্পেনের রদরিগো রাতোকেও সম্প্রতি তহবিলের অপব্যবহারের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয়েছে।
ফ্রান্সে ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজিকে সমর্থন করা তাপেকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত এসেছিল তিন সদস্যের একটি প্যানেল থেকে, যেখানে বিষয়টি পাঠিয়েছিলেন লগার্দ।
ক্রীড়া সামগ্রীর বিখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাসের বেশিরভাগ শেয়ারের মালিকানা এক সময় তাপের হাতে ছিল, যা তিনি ১৯৯৩ সালে বিক্রি করে দেন।
তাপে সে সময় অভিযোগ করেন, ওই শেয়ার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ফ্রান্সের আংশিক রাষ্ট্রীয় মালিকানাধীন ক্রেডিট লিওনে ব্যাংক তাকে ব্যাপকভাবে ঠকিয়েছে।
ঘটনার দেড় দশক পর বিষয়টির মীমাংসা করে তাপেকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তে ফ্রান্সে ব্যাপক আলোচনা শুরু হয়। গত মাসের ডিসেম্বরে ফ্রান্সের আদালত তাপের ওই ক্ষতিপূরণের অর্থ সুদসহ ফিরিয়ে দেওয়ার আদেশ দেয়।
