চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত মোরালেসের
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস চতুর্থবারের মতো ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নিতে পারেন বলে আভাস দিয়েছেন।
যদিও চতুর্থদফায় নির্বাচন করার লক্ষ্যে সংবিধান সংশোধনে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটে সামান্য ব্যবধানে হেরে গিয়েছিলেন তিনি।
দেশটিতে ২০১৯ সালে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাবেক কোকা পাতা উৎপাদনকারী দেশটির প্রথম আদিবাসী আইমারা সম্প্রদায় থেকে আসা প্রেসিডেন্ট মোরালেস ২০০৬ সালে ক্ষমতায় আসেন। ২০১৪ সালে তিনি তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
স্যোসালিজম পার্টির এক জনসমাবেশে মোরালেস বলেন, “যদি জনগণ চায় ইভো মোরালেসকে তবে আমি জনগণকে সাথে নিয়েই এই গণতান্ত্রিক ও সাংস্কৃতিক বিপ্লব অব্যাহত রাখার নিশ্চয়তা দেব।”
তিনি আরো বলেন, “আমরা ভাড়াটে নই। সামাজিক আন্দোলন হিসেবেই আমাদের সবার বেঁচে থাকার জন্য প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থান করতে হবে।”
বলিভিয়ার সংবিধান অনুসারে একজন ব্যক্তি পরপর দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারবেন। যদিও আদালতের নির্দেশ অনুযায়ী মোরালেসের ২০০৬ থেকে ২০১০ সালের মেয়াদ এই আইনে পড়বে না। কারণ ২০০৯ সালে নতুন সংবিধানে এই ধারা সংযোজিত হয়েছে।
৫৭ বছর বয়সী মোরালেস ফেব্রুয়ারির গণভোটের রায় মেনে নিয়েছিলেন। ৫১.৩ শতাংশ ভোটার সংবিধান সংশোধন করে তাকে আরো এক মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে থাকার বিষয়টিকে প্রত্যাখ্যান করেছিল।
তবে মোরালেস এই হারের জন্য ডান-পন্থি বিরোধী গোষ্ঠীকে দোষারোপ করেছিলেন।
গণভোটে হারার পরও মোরালেস যদি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চান তবে তাকে পুনরায় গণভোট আয়োজন করতে হবে। নয়তো দেশটির পার্লামেন্টের আইনপ্রণেতাদের নয়া সাংবিধানিক ভোট করতে হবে। এতে দুইতৃতীয়াংশের ভোটে তা অনুমোদিত হলে তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন।
দেশটির পার্লামেন্ট মোরালেসের পার্টিই নিয়ন্ত্রণ করছে। লড়তে হলে নির্বাচনের ছয়মাস আগেই তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে হবে।
মোরালেস এখনো দেশটির জনপ্রিয় ক্ষমতাধর নেতা। তার নেতৃত্বে বলিভিয়া দুই দশকে অর্থনৈতিকভাবে একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছেছে।
কিন্তু এরপরও অনেকেই মনে করেন, তার ১৯ বছর ক্ষমতায় থাকা ঠিক হবে না।
তবে তার নেতৃত্বেই সরকারের সমাজতান্ত্রিক নীতি দেশটির দারিদ্র সফলতার সঙ্গে কমিয়ে আনতে সক্ষম হয়েছে।
