২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ ছাড়তে দেরি করায় ক্রিকেটের বিস্ময়-বালক আটক

স্কুল ক্রিকেটে এক ম্যাচে ১০০৯ রানের রেকর্ড গড়া ভারতের প্রণব ধানাওয়াড়েকে আটক করেছে পুলিশ। তার অপরাধ, সে মাঠ ছেড়ে যেতে দেরি করেছে। ভিআইপি আসবে বলে ওই মাঠে হেলিপ্যাড নির্মাণের কাজ চলছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 08:32 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

মুম্বাইয়ের কল্যান এলাকার ক্রিকেট মাঠে অনুশীলন করে প্রণব। ইউনিয়ন মন্ত্রী প্রকাশ জাবড়েকরের  কল্যান সফর উপলক্ষ্যে জনকল্যাণ বিভাগ ওই মাঠে হেলিপ্যাড নির্মাণ করছিল।

এ বছর জানুয়ারিতে স্কুলের একটি ম্যাচে অপরাজিত ১০০৯ রান করে সবার নজর কাড়ে প্রণব।

বিশ্বে প্রথম কোনো ব্যাটম্যানের চার সংখ্যার ঘর অতিক্রমের কৃতিত্বের জন্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন পাঁচ বছরের জন্য প্রণবকে বৃত্তি প্রদাণ করেছে।

প্রণবের পরিবার সাংবাদিকদের বলে, অনুশীলনের সময় শেষ হওয়ার পর সময় মত নিজের ব্যাগ গুছিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হওয়ায় প্রণবকে হেনেস্তা করা হয় এবং থানায় ধরে নিয়ে যাওয়া হয়।

এনডিটিভির খবরে বলা হয়, পরে প্রণবের বাবা থানায় গিয়ে তাকে ছাড়িয়ে আনে।

তবে প্রণবকে হাজতে রাখা হয়নি বলে নিশ্চিত করেছেন তার বাবা।

প্রণব বলে, “আমরা অনুশীলন করছিলাম, অনুশীলন শেষ পর্যায়ে ছিল। পুলিশ আমাদের মাঠ খালি করে দিতে বলে। আমরা দুই মিনিটের মধ্যে মাঠ খালি করে দেব বলে তাদের জানাই। কিন্তু তারা আমাদের সঙ্গে অসভ্যের মত আচরণ শুরু করে।”

পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলে, “তারা আমাদের অসম্মান করেছে এবং অশ্লীল ভাষা ব্যবহার করেছে। আমরা তাদের সঠিক আচরণ করতে বলেছিলাম।”

পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান, নিরাপত্তার খাতিরে ওই মাঠটি পুলিশের দায়িত্বে দেওয়া হয়েছে।

এ ঘটনার পর প্রকাশ জাবড়েকর সড়ক পথে পুনে থেকে কল্যান সফরে যাওয়া সিদ্ধান্ত নিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, “খেলার মাঠ হেলিপ্যাড হিসেবে ব্যবহার করা ঠিক না। বরং আমি এবার সড়ক পথেই কল্যান যাব।”