২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরীয় টিভির সম্প্রচার বন্ধ করল ইউটিউব

সার্চ ইঞ্জিন গুগলের ভিডিও-স্ট্রিমিং সার্ভিস ইউটিউব তাদের মাধ্যমে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 11:39 AM

Updated : 12 Apr 2022, 03:32 AM

বিবিসি বলছে, ইউটিউবে থাকা কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনের পৃষ্ঠায় এখন লেখা রয়েছে, “ইউটিউব সম্প্রদায়ের নীতিমালা লঙ্ঘনের কারণে এই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।” 

ইউটিউবে থাকা এই চ্যানেলটি মূলত দৈনিক খবরাখবর ও ব্রেকিং নিউজ সম্প্রচারের জন্য ব্যবহৃত হতো।

বিভিন্ন প্রতিবেদনের বরাতে ধারণা করা হচ্ছে, সম্ভবত পিয়ংইয়ং এই চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার করে অর্থ আয় করছিল যা দেশটির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার লঙ্ঘন।

চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ আমেরিকার কোনো কোম্পানি ও নাগরিককে পিয়ংইয়ং-এর প্রচার-প্রপাগান্ডা সম্পর্কিত বিভাগের সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ওয়াশিংটন পোস্টের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন এড়াতে গেল মাসেও এই অ্যাকাউন্টটি সম্ভবত বন্ধ করে দিয়েছিল গুগল।

এ ব্যাপারে গুগল কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, “আমরা কোনো একটি ভিডিও বা চ্যানেল সম্পর্কে মন্তব্য করি না।”

“কিন্তু সম্প্রদায় ও সেবা সম্পর্কিত নীতিমালা লঙ্ঘন করলে এবং আইনি প্রয়োজনে আমরা অ্যাকাউন্ট বন্ধ করে দেই।”-জানিয়েছে গুগল।

জানুয়ারিতে উত্তর কোরিয়ার আরও একটি পরমাণু বোমা পরীক্ষার খবর সরাসরি চ্যানেলটিতে সম্প্রচার করা হয়। দেশটি দাবি করেছিল, এটি একটি ‘হাউড্রোজেন বোমার সফল পরীক্ষা’।

তবে তাদের এই দাবির সত্যাসত্য নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক রয়েছে।