২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে সামরিক খাতের ব্যয় বরাদ্দে ভারত চতুর্থ

বিশ্বে সামরিক খাতে ব্যয় বরাদ্দের হিসাবে ষষ্ঠ থেকে একলাফে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। পেছনে পড়ে গেছে রাশিয়া এমনকি সৌদি আরবের মতো ধনকুবের রাষ্ট্রও ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 08:37 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

প্রতিরক্ষা বা সামরিক খাতে বিশ্বে কোন দেশের কত পরিমাণ বরাদ্দ আছে তা নিয়ে ২০১৬ সালের জেন’স ডিফেন্স বাজেটস রিপোর্ট প্রকাশ করেছে লন্ডন-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস।

আইএইচএস জেন’স এর দেওয়া হিসাবে দেখা গেছে, প্রতিরক্ষা ব্যয়ের দিক থেকে শীর্ষ তিন দেশ হচ্ছে, যুক্তরাষ্ট্র, চীন এবং যুক্তরাজ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ভারত এ খাতে ব্যয় বরাদ্দে তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠবে। এতে করে দেশটি যুক্তরাজ্যকেও ছাড়িয়ে যাবে।

সমীক্ষা অনুযায়ী, গত দু’এক বছরে বিশ্বের বিভিন্ন দেশে সামরিক ব্যয় বেড়েছে। যুদ্ধ-বিগ্রহের প্রস্তুতি, অস্ত্রাগার বাড়ানো আর বিধ্বংসী প্রযুক্তি উন্নয়নে নানা দেশের আগ্রহ দেখে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।

আঞ্চলিক বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা সবচেয়ে বেশি এশিয়ায়। তাই এই মহাদেশেই গত এক বছরে সবচেয়ে বেশি বেড়েছে প্রতিরক্ষা বরাদ্দ।

ভারতের সামরিক ব্যয় ২০১০ সাল নাগাদ ছিল ২২০০ কোটি ডলারের কাছাকাছি। গত ছ’বছরে তা বাড়তে বাড়তে ৫১০০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে ভারতীয় প্রতিরক্ষা বাজেট।

তবে এ  খাতে খরচের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে এগিয়ে। ২০১৬ সালে ৬২ হাজার ২০০ কোটি ডলারের কিছু বেশি অর্থ প্রতিরক্ষা খাতে খরচ করেছে যুক্তরাষ্ট্র। ১৯ হাজার ১৭৫ কোটি ডলার সামরিক খাতে বরাদ্দ করে দ্বিতীয় স্থানে আছে চীন। তৃতীয় হচ্ছে যুক্তরাজ্য। গত একবছরে যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় ছিল ৫৩৮০ কোটি ডলারের বেশি। আর এখন  প্রায় ৫০৭০ কোটি ডলার প্রতিরক্ষা বরাদ্দ দিয়ে ভারত চতুর্থ স্থানে উঠে এসেছে।

এদিক থেকে ইউরোপীয় দেশগুলোর বরাদ্দ কম। সবচেয়ে পিছিয়ে আছে পূর্ব ও দক্ষিণ ইউরোপের দেশগুলো। তবে ইউরোপীয় ইউনিয়নের  (ইইউ) দেশগুলো এবছর একযোগে প্রতিরক্ষা ব্যয় অনেক বাড়িয়ছে (২১৯ বিলিয়ন ডলার ) বলে জানিয়েছে এনডিটিভি। ব্যয় বাড়ানোর দিক থেকে সর্বাগ্রে আছে পশ্চিম ইউরোপের দেশগুলো।

ইউরোপের কিছু কিছু দেশ অর্থনৈতিক দুরবস্থার মধ্যে থাকার কারণে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে পারছে না। যেমন: গ্রিসের মতো দেশগুলো। তাছাড়া, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া অর্থাৎ, ব্রেক্সিট পরবর্তী অর্থনীতি নিয়ে শঙ্কা থাকার কারণেও এ খাতে ব্যয়ের দিক থেকে পিছিয়ে থাকছে ইউরোপ।