পূর্ব আলেপ্পো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মানুষ
সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোয় সিরিয়া সরকারের অনুগত যোদ্ধাদের হামলার মধ্যেই সেখান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন রেডক্রসের কর্মকর্তারা।
সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পো থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার শুরুতে গোলাগুলি হলেও এখন নির্বিঘ্নেই শহর ছাড়ছে বিদ্রোহী যোদ্ধা ও অন্যান্যরা।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, সারি সারি এম্বুলেন্স এবং সবুজ রঙের অনেক বাস পূর্ব আলেপ্পো ছেড়ে যাচ্ছে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি বৃহস্পতিবার ২শ’ আহত মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে বলে জানিয়েছে।
১০ এম্বুলেন্স এবং অন্তত ১৭ টি বাস প্রায় ১ হাজার মানুষকে নিয়ে রামুসাহ এলাকা থেকে কাছাকাছি বিদ্রোহী নিয়ন্ত্রিত আরেক এলাকায় রওনা হয়েছে। যে এলাকাটি কয়েকমাস ধরে অবরোধ করে রেখেছে সিরিয়ার সরকার বাহিনী।
সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, বিদ্রোহী যোদ্ধারাই মূলত শহর ছাড়ছে।
এর আগে কয়েকটি এম্বুলেন্স পূর্ব আলেপ্পো ছাড়ার সময় সিরিয়া সরকারের অনুগত যোদ্ধাদের হামলার কবলে পড়ে। এতে একজন নিহতও হয়।
এদিন বিদ্রোহী যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মিলিয়ে মোট ৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছিল মন্ত্রণালয়।
আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত শেষ এলাকাটিও খালি হয়ে গেলে নগরীটিতে কয়েক বছর ধরে চলমান যুদ্ধের অবসান হবে এবং এটি হবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্য অনেক বড় বিজয়।
সিরিয়ায় জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক উপদেষ্টা জ্যান এগল্যান্ড বলেছেন, “হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া দরকার। তবে আহত, অসুস্থ, শিশু এবং এতিমদের আগে সরিয়ে নেওয়াটা জরুরি।”
