২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেক্স ডল’ উপহার নিয়ে বিপাকে চিলির অর্থমন্ত্রী

একটি অনুষ্ঠানে সেক্স ডল (যৌন পুতুল) উপহার পেয়ে দেওয়া প্রতিক্রিয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন চিলির অর্থমন্ত্রী লুইস ফেলিপে চেসপেডাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 03:22 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

বিবিসি বলছে, মঙ্গলবার শিল্প প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠনের দেওয়া নৈশভোজে অংশ নিয়ে তিনি ওই সেক্স ডল উপহার পেয়েছিলেন।

ওই নৈশভোজে চিলির ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান রবের্তো ফান্তুজি উপহার হিসেবে চেসপেডাসকে একটি সেক্স ডল দেন। আর এটি পাওয়ার পর তিনি হাস্যোজ্জ্বল মুখে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

চেসপেডাস বলেন, ওই ঘটনায় তিনি “বিস্ময়ে” কয়েক মুহূর্তের জন্য খেই হারিয়ে ফেলেছিলেন।

এ ঘটনায় চিলির অনেক নাগরিক টুইটারে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

ফান্তুজি চিলির ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে চেসপেডাসের হাতে নগ্ন ওই সেক্স ডলটি তুলে দিয়েছিলেন।

সেক্স ডলটির মুখে ‘অর্থনীতিকে উদ্দীপিত করতে’ লেখা একটি কাগজ সাঁটানো ছিল।

ছবিতে দেখা যায়, সেক্স ডলটি পেয়ে চেসপেডাস হাসছেন এবং পরবর্তী সময়ে ডলটি নিয়ে মঞ্চ থেকে নেমে যাচ্ছেন।

বার্ষিক এই নৈশভোজে হাই প্রোফাইল অতিথিদের ‘রসবোধ সম্পন্ন’ উপহার দেওয়ার ক্ষেত্রে পরিচিতি রয়েছে ফান্তুজির। কিন্তু এর আগে কখনো এত বিতর্কিত কোনো উপহার কাউকে দেওয়া হয়নি, যা চেসপেডাসের ক্ষেত্রে ঘটেছে।