২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান ভাইস-প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তামের বিরুদ্ধে সহিংস উপায়ে অপহরণ ও যৌন নীপিড়নের অভিযোগ করেছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 10:01 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

বিবিসি’র খবরে বলা হয়, দোস্তামের নিজ প্রদেশ জোওজজানের সাবেক গভর্নর আহমেদ এশচি এ অভিযোগ করেন।

এশচি বলেন, গত মাসে দোস্তামের বাড়িতে তাকে পাঁচ দিন আটকে রাখা হয়। এ সময় দোস্তমসহ আরও ১০ জন তাকে নিপীড়ন করেছে।

তবে জেনারেল দোস্তাম এ অভিযোগ অস্বীকার করেছেন এবং একে  ‘প্ররোচনা’ বলে উড়িয়ে দিয়েছেন।

দোস্তাম বলেন, এশচিকে তিনি আটকে রাখেননি, বরং গোয়েন্দা সংস্থা তাকে আটক করেছিল।

দোস্তামের এক মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, বিরোধীদের অর্থায়ন করা এবং বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে বারবার হস্তক্ষেপের অভিযোগে এশচিকে আটক করে আফগান নিরাপত্তা বাহিনী।

আটকাবস্থায় নির্যাতনের বর্ণনা দিয়ে এশচি বিবিসি’কে বলেন, “২৪ নভেম্বর আমার ও দোস্তামের দলের মধ্যে বুজকাশি খেলা চলছিল। খেলার এক পর্যায়ে জেনারেল দোস্তাম আমাকে মাটিতে ঠেলে ফেলে দেন এবং তার পা দিয়ে আমার গলা চেপে ধরেন। এরপর তিনি আমাকে তার বাড়িতে নিয়ে যান এবং চিৎকার করে নিজের রক্ষীদের আমাকে গাড়ি থেকে নামাতে বলেন।”

“তিনি তার আটজন রক্ষীকে আমার কাপড় খুলে ফেলতে বলেন। এমনকি তারা আমার ট্রাউজারও খুলে ফেলে।”

এরপর তাকে আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং পরে তারা তাকে ছেড়ে দেয় বলে জানান ইশচি।

আদিবাসী উজবেক জাতিসত্তার দোস্তাম একজন সাবেক যুদ্ধবাজ নেতা। দীর্ঘদিনের আফগান গৃহযুদ্ধে তাঁর বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ রয়েছে। ২০১৪ সালে  তিনি আফগানিস্তানের জাতীয় ঐক্য সরকারে যোগ দেন।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির কার্যালয় থেকে নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, “আফগান সরকারের অধীনে কেউই আইনের উর্ধ্বে নয়। সরকার থেকেই আইনের প্রতিপালন এবং কৃতকর্মের দায় গ্রহণ শুরু হবে এবং এজন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর শনিবার ইশচির খোঁজ পাওয়া যায়।

আন্তর্জাতিক অঙ্গন থেকেও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বলা হয়েছে, “বেআইনি আটক এবং দুর্ব্যবহারের খবর…গুরুতর উদ্বেগের কারণ। এ বিষয়ে আফগান সরকারের দ্রুত তদন্তের উদ্যোগকে আমরা স্বাগত জানাব।”