২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইনে ‘আইন মেনে চলছে’ সরকার, বলছে তদন্ত কমিশন

মিয়ানমারের মুসলিম অধুষ্যিত রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী ‘আইন মেনে চলছে’ বলে জানিয়েছে দেশটির নেত্রী অং সান সু চি’র গঠিত তদন্ত কমিটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 09:07 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যর সীমান্ত পুলিশি ফাঁড়িতে হামলা এবং    এর পরিপ্রেক্ষিতে মুসলিম অধ্যুষিত গ্রামগুলোতে সেনা অভিযান নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার পর সু চি বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠন করেন।

রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সেনা অভিযানের নামে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও ধর্ষণ করা হচ্ছে। গৃহহীন হচ্ছে হাজার হাজার মানুষ।

এ সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের জন্য সু চি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ত্রাণ সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়েছে।

যার পরিপ্রেক্ষিতে ভাইস প্রেসিডেন্ট জেনারেল মিন্ত সুউইর নেতৃত্বে ১৩ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়।

বুধবার  কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “সরকারি কর্তৃপক্ষ আইন মেনে চলেছে এবং বৈধভাবেই সীমান্ত পুলিশের ওপর হামলার জবাব দিয়েছে।”

“সেনা সদস্যরা জানিয়েছে, তারা নারীদের ধর্ষণ করেনি। গ্রামবাসীরা তদন্ত কমিটিকে বলেছে, তারা ত্রাণ পেয়েছে এবং তাদের আরও ত্রাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”

মঙ্গলবার মাউংদাউ পরিদর্শণের মাধ্যমে তদন্ত কমিশন তিনদিনে ঘটনাস্থল পর্যবেক্ষণ শেষ করে ওই বিবৃতি দেয়।

৩১ জানুয়ারি এ সংক্রান্ত পূর্ণ প্রতিবেদন প্রকাশ পেতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের হামলার পর মাউংদাউতেই সেনা অভিযানে অন্তত ৮৬ জনকে হত্যা করা হয়েছে। গৃহহীন হয়েছে ২৭ হাজারের বেশি মানুষ। যাদের অনেকে নৌপথে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

মাউংদাউয়ের বেশিরভাগ অধিবাসী রোহিঙ্গা মুসলিম, যাদের মিয়ানমারের নাগরিকত্ব দেওয়া হয়নি। যার ফলে, তাদের চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি স্বাস্থ্য ও শিক্ষাখাতেও তারা খুব সামান্য সুযোগ-সুবিধা পায়।

সরকারি তদন্ত প্যানেলের বক্তব্য যাচাইয়ের কোনও উপায় নেই বলে জানিয়েছে রয়টার্স। কারণ যেসব অঞ্চলে অভিযান চলছে সেখানে নিরপেক্ষ সাংবাদিক ও পর্যবেক্ষদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তদন্ত কমিশনের এ প্রতিবেদন এবং মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন সাংঘর্ষিক।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া কিছু ছবিতে রাখাইনের রোহিঙ্গা গ্রাম ওয়া পেইক জ্বালিয়ে দেওয়ার সময় কাছের সেনাচৌকির সামরিক ট্রাকগুলো সক্রিয় থাকার প্রমাণ তারা পেয়েছে।

প্রতিবেশী দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমার সরকারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম নিধনের অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে আলোচনার জন্য সোমবার সু চি ‘অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স’ (আসিয়ান) এর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে রাজধানী নাইপিধো তে একটি বিশেষ বৈঠক আহ্বান করেছেন।