২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাম্বিয়ার নির্বাচন কমিশন দপ্তর নিরাপত্তা বাহিনীর ‘দখলে’

গাম্বিয়ার সাম্প্রতিক নির্বাচনে হার মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। আর এরই ধারাবাহিকতায় দেশটির নির্বাচন কমিশনের সদর দপ্তর নিয়ন্ত্রণে নিয়েছে নিরাপত্তা বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 03:18 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

বিবিসি বলছে, গাম্বিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আলিউ মোমার নাই জানান, কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। 

নির্বাচনে প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মে প্রতিদ্বন্দ্বী আদামা ব্যারোর কাছে প্রথমে পরাজয় স্বীকার করে নিলেও পরবর্তী সময়ে তা মেনে নিতে অস্বীকৃতি জানান।

গাম্বিয়া সফররত দক্ষিণ আফ্রিকার নেতারা ২২ বছর ধরে ক্ষমতায় থাকা জাম্মেকে প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার ব্যাপারে সম্মত করার চেষ্টা চালাচ্ছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান আলিউ মোমার নাই বলেন, “আমাদের আশা এবং প্রার্থনা তিনি (জাম্মে) তাদের (দক্ষিণ আফ্রিকার নেতারা) উপদেশ মেনে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন।”

ক্ষমতাসীন জাম্মের এপিআরসি পার্টি মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্টে নির্বাচনী ফল বাতিল চেয়ে আবেদন করেছে।

নির্বাচন কমিশন প্রচারিত কিছু অংশের গণনা পরবর্তী সময়ে পরিবর্তিত হওয়ায় প্রেসিডেন্ট এই নির্বাচনী ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

যদিও ওই ফলাফল নির্বাচনের সার্বিক চিত্রে কোনো প্রভাব ফেলেনি।   

নির্বাচন কমিশন জানিয়েছে, আদামা ব্যারো পেয়েছেন ৪৩.৩ শতাংশ ভোট আর জাম্মে পেয়েছেন ৩৯.৬ শতাংশ ভোট। ১৭.১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মামা কান্দে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান নাই, রোববার নির্বাচনের ফলকে সঠিক ঘোষণা করে জাম্মে বিষয়টিকে আদালত পর্যন্ত টেনে নিলে তা মোকাবিলার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

তিনি বলেন, “নির্বাচনী ফলাফল ঠিক আছে। কিছুই পরিবর্তিত হবে না। এটা যদি আদালতে গড়ায় তবে আমরা প্রতিটি ভোট প্রমাণ করতে পারবো। আর তাতে সবাই ফলাফল দেখতে পাবে।”