২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার আনোয়ারের মুক্তি চেয়ে করা আপিল খারিজ

মালয়েশিয়ার কারাবন্দি বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম তার মুক্তির লক্ষ্যে চূড়ান্ত লড়াইয়ে হেরে গেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2016, 11:20 AM

Updated : 12 Apr 2022, 03:31 AM

বুধবার কেন্দ্রীয় আদালত সমকামিতার অভিযোগ ও পাঁচবছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আনোয়ারের আপিল খারিজ করে দেয়।

২০১৪ সালে দেওয়া দণ্ডের বিরুদ্ধে রিভিউ চেয়ে করা আবেদনের কোনো ভিত্তি নেই বলে দেশটির প্রধান বিচারপতির সমন্বয়ে গড়া পাঁচ সদস্যের বিচারক প্যানেল সর্বসম্মতিক্রমে রায় দেয়।

মুক্তি পেতে এটাই ছিল আনোয়ারের সামনে চূড়ান্ত আইনি প্রক্রিয়া। আবেদন খারিজ হয়ে যাওয়ায় তাকে  বাকি ১৬ মাস কারাদণ্ড ভোগ করতেই হচ্ছে।

রায়ের পর আনোয়ার আদালতে সাংবাদিকদের বলেন, “এটাই পথের শেষ নয়। আমি শপথ করে নিজেকে নির্দোষ ঘোষণা করেছি। কিন্তু বিচারকগণ আমার আবেদনকে উপেক্ষা করেছেন।” 

“মুক্তির পথে এ হল দীর্ঘ পদযাত্রা” বলে তিনি।

আদালতে রায় ঘোষণার সময় আনোয়ারের স্ত্রী, সন্তান এবং নাতি-নাতনিরাও ছিলেন। আর ৬৯ বছর বয়সী এই নেতার সমর্থনে বাইরে জড়ো হয়েছিলেন অনেক সমর্থক।

প্রায় চার বছর আগে মালয়েশিয়ার আদালত আনোয়ারের মুক্তির রায় খারিজ করে সমকামিতার অভিযোগে  ৫ বছরের কারাদণ্ড দেয়।

আপিল কোর্টে তিন বিচারক সর্বসম্মতিক্রমে ভোটের মধ্য দিয়ে আনোয়ারের মুক্তির সেই রায় উল্টে দিয়ে তড়িঘড়ি এক রায়ে তাকে এ দণ্ড দিয়েছিলন।

আনোয়ারের সমর্থকরাসহ আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এ রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেয়ার চেষ্টা বলে সমালোচনা করেছে।

২০১৩ সালে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আনোয়ার শক্তিশালী নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়েছিলেন।

মালয়েশিয়ায় সমকাম অবৈধ হলেও এ পর্যন্ত বিচার হয়েছে খুব কম মানুষেরই।

আনোয়ার বরাবরই তার বিরুদ্ধে সমকামের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

মালয়েশিয়ার সাবেক উপ প্রধানমন্ত্রী আনোয়ার এর আগে সমকামিতা এবং দুর্নীতির অভিযোগে ৬ বছরের কারাদণ্ড পান।

২০০৮ সালে এক পুরুষ সহকর্মীর সঙ্গে সমকামিতার অভিযোগে অভিযুক্ত হন তিনি। তবে প্রমাণের অভাবে ২০১২ সালে হাই কোর্ট তাকে এ অভিযোগ থেকে মুক্তি দেয়।

এরপরই সরকারপক্ষ তার মুক্তির রায়ের বিরুদ্ধে আপিল করে। এ রায়ই বাতিল তাকে কারাদণ্ড দেয় আদালত।