২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ গোয়েন্দা সংস্থার অনুমোদন পেল না সিআইএ’র হ্যাকিং রিপোর্ট

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সেবা তদারককারী শীর্ষ গোয়েন্দা সংস্থা 'অফিস অফ দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স' (ওডিএনআই) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকারদের হস্তক্ষেপ নিয়ে সিআইএ’র মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 07:01 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

ওডিএনআই প্রতিবেদনটির বিরোধিতা না করলেও সুনির্দিষ্ট কোনও প্রমাণের অভাবের কারণে এটি গ্রহণ করেনি।

সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ওই মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়,  যুক্তরাষ্ট্রে এবছর নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে রাশিয়া হস্তক্ষেপ করেছে। রুশ হ্যাকারদের সাইবার হামলার ফলেই জয় পেয়েছেন ট্রাম্প। গত শুক্রবার ‘ওয়াশিংটন পোস্ট’ এ খবর প্রকাশ করে।

কিন্তু মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় ‘ওডিএনআই’ এর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকতারা বলছেন, মস্কো যে নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকেই জয়ী করার চেষ্টা করেছে এমন কোনও অকাট্য প্রমাণ নেই।

যুক্তরাষ্ট্রের ১৭ টি গোয়েন্দা সংস্থার শক্তিশালী গোয়েন্দা সম্প্রদায় তদারককারী ওডিএনআই- এর এ অবস্থান সিআইএ প্রতিবেদনের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থানকেই আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নির্বাচনে রুশ মদদের সিআইএ প্রতিবেদন ‘উদ্ভট’ বলে প্রত্যাখ্যান করেছেন এবং রাশিয়ার সাইবার হামলার কোনও প্রমাণ নেই বলেও দাবি করেছেন।

প্রতিবেদন প্রত্যাখ্যান করে ট্রাম্প সিআইএ’র সঙ্গে নতুন করে তার আরও বিরোধেরই আভাস দিয়েছেন।

ওডিএনআই এ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে সংস্থাটির তিন কর্মকর্তার একজন বলেছেন, “ওডিএনআই বলছে না যে সিআইএ’র রিপোর্ট ভুল। তারা কেবল বলছে যে বিষয়টি প্রমাণিত হয়নি।”

গোয়েন্দা সংস্থা এফবিআই ও একই কারণে প্রতিবেদনটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানান কর্মকর্তারা।

সিআইএ’র প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস নেতারা বিষয়টির পূর্ণ তদন্তের আহ্বান জানান।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও গোয়েন্দা সংস্থাগুলোকে প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলাসহ বিদেশি হস্তক্ষেপের বিষয়টি পুনরায় যাচাই করে দেখার নির্দেশ দিয়েছেন এবং ২০ জানুয়ারিতে ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের আগেই এ ব্যাপারে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন।