২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাকার্তার গভর্নরের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ বিচার শুরু

জাকার্তার গভর্নর বাসুকি তাজাহাজা পুরনামার বিরুদ্ধে দেশটির রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ধর্ম অবমাননার অভিযোগে বিচার শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 11:35 AM

Updated : 12 Apr 2022, 03:30 AM

গভর্নর বাসুকি তাজাহাজা পুরনামার দেশটির জাতিগত চীনা সম্প্রদায়ে খ্রিস্টান। তবে তিনি তার চীনা ‘আহোক’ নামেই বেশি পরিচিত।

তার বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ আনা হয়েছে।

পুরনামার তার বক্তব্যে কেউ আহত হয়ে থাকলে তার জন্য ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু ধর্ম অবমাননার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

বিচারে পুরনামা দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

এই বিচারকে ইন্দোনেশিয়ায় ধর্মীয় সহনশীলতার মাত্রা নির্ধারণে একটি পরীক্ষা বলেই মনে করা হচ্ছে।

গভর্নর পুরনামা তার আইনজীবীদের সঙ্গে পুলিশের প্রহরায় আদালতে প্রবেশ করেন। তিনি পাঁচ বিচারকদের আসনে থাকা পাঁচজন বিচারককে সম্মান জানিয়ে নিজের আসনে বসেন।

সূচনা বক্তব্যে আবেগপ্রবণ হয়ে পুরনামা বলেন, কোরানের আয়াত বিষয়ে তার বক্তব্যকে রাজনীতিকরা ভুলভাবে ব্যাখ্যা করে ব্যবহার করছেন।

ফেব্রুয়ারিতে জাকার্তায় গভর্নর নির্বাচন। বর্তমান গভর্নর পুরনামা দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথা আগেই জানিয়েছেন।

কিন্তু কয়েকটি ইসলামিক দল ভোটারদেরকে পুরনামাকে ভোট না দেওয়ার আহ্বান জানায়। তাদের যুক্তি পুরনামার কাজ কোরআন পরিপন্থি।

তাদের দাবি, কোরআনের আয়াতে মুসলিমদের অমুসলিম নেতার অধীনে বসবাস বিষয়ে বাধা রয়েছে। যদিও অনেক মুসলিম নেতাই মনে করেন, বর্তমান সময়ে ওই বিধি নিষেধ আসলে বাধা নয়।

চলতি বছরের ২৮ সেপ্টেম্বর পুরনামা এক ভাষণে বলেন, “যারা কোরআনের আয়াতের দোহাই দিয়ে আমাকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছে তারা আসলে মিথ্যা বলছেন।”

তাকে ভোট দিলে তা কোরআনের নির্দেশ বিরুদ্ধ হবে বলে যারা মনে করেন তিনি তাদেরকে তাকে ভোট দিতে নিষেধ করেছেন। কারণ তিনি মনে করেন, ভোট দেওয়া ভোটারের অধিকার।

পুরনামার এই বক্তব্যকে অনেকে কোরআনের সমালোচনা বলে বিবেচনা করেন এবং তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা এর শাস্তি হিসেবে গভর্নরের কারাদণ্ডও দাবি করে।

যদিও দেশটির সবচেয়ে বড় ইসলামিক সংগঠন নাহদলাতুন উলামা তাদের চার কোটি সদস্যকে পুরনামা বিরোধী বিক্ষোভে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছে।

ইন্দোনেশিয়ার ২৫ কোটি মানুষের মধ্যে মাত্র ১ শতাংশ জাতিগত চীনা। এর আগে ১৯৯৮ সালে চীন বিরোধী দাঙ্গায় উত্তেজিত জনতা আদিবাসী চীনাদের ঘরবাড়ি ও দোকানপাট লুটপাট এবং অগ্নিসংযোগ করে।

মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ায় জাতিগত চীনা সম্প্রদায়ে পুরনামাকে নিয়ে সমস্যা এবারই প্রথম নয়। ২০১৪ সালে জোকো উইদোদো যখন জাকার্তার গভর্নর ছিলেন তখন পুরনামা ডেপুটি গভর্নরের দায়িত্বে ছিলেন।

এরপর উইদোদা প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসলামিক ডিফেন্স ফ্রন্ট (এফপিআই) চায়নি পুরনামা গভর্নর হোক।

এফপিআই এর আগেও সংখ্যালঘুদের উপর নৃশংস হামলা ও রক্তক্ষয়ী বিক্ষোভ করেছে।