২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় লড়াইয়ের ‘শেষ পর্যায়ে’ সেনাবাহিনী

সিরিয়ার আলেপ্পো নগরী দখলের লড়াইয়ের ‘শেষ পর্যায়ে’ পৌঁছে গেছে সরকারি বাহিনী ও এর মিত্ররা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 10:54 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে হঠাৎই অগ্রগতি অর্জন করে সেনাবাহিনী শেষ ধাপে পৌঁছেছে বলে সোমবার জানিয়েছেন এক সিরীয় জেনারেল।

সিরিয়া সরকারের আলেপ্পো নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জিয়াদ আল-সালেহ শহরটির শেখ সাইদ এলাকা দখলে নেওয়ার পর সাংবাদিকদের বলেন, “পূর্ব আলেপ্পো দখলের লড়াই খুব শিগগিরই শেষ হবে। বিদ্রোহীদের হাতে আর বেশি সময় নেই। তাদেরকে হয় আত্মসমর্পণ করতে হবে নয়ত মরতে হবে।”

রোববার রাতভর লড়াইয়ে সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর দক্ষিণে বড় ধরনের জয় পেয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ও যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

পূর্ব আলেপ্পোর সব এলাকা থেকে বিদ্রোহীরা সরে যাওয়ার পর দক্ষিণের শেখ সাইদ এলাকারও নিয়ন্ত্রণ খুইয়েছে তারা।

নগরীর খুব সামান্য এলাকাই এখন বিদ্রোহীদের দখলে আছে। অবজারভেটরির পরিচালক রমি আব্দুলরহমান বলেন, “এখন বিদ্রোহীদের হাতে খুব কম এলাকার নিয়ন্ত্রণই আছে এবং যেকোনও মুহূর্তে সেগুলোরও পতন হবে।”

“আলেপ্পো যুদ্ধ শেষ হওয়ার দিন শুরু হয়ে গেছে।”

বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার একজন শিক্ষক টেলিফোনে বিবিসি’কে বলেন, “এখানকার জনগণ কেয়ামতের মুখোমুখি হয়েছে।”

বিবিসি’র খবরে বলা হয়, একমাসেরও কম সময়ের মধ্যে আলেপ্পোর পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার ৯০ শতাংশের বেশি পুনর্দখল করেছে সিরিয়ার সরকারি বাহিনী।

সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে এবং দৃশ্যত তাদের কাছে কোনো খাবার বা পানি নেই।

বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার অনেক বেসামরিক নাগরিক সরকার নিয়ন্ত্রিত এলাকার ছিটমহলগুলো দিয়ে পালিয়ে গেছে।

তাদের আশঙ্কা,  তারা সরকারি বাহিনীর কাছে ধরা দিলে তাদেরকে হত্যা করা হবে।