২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির নয়া প্রধানমন্ত্রী হচ্ছেন জেনতিলোনি

ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনিকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 02:42 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা মধ্য-বামপন্থি প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির স্থলাভিষিক্ত করার জন্য যোগ্য ব্যক্তির খোঁজ করছিলেন।

বিবিসি বলছে, ৬২ বছর বয়সী জেনতিলোনিকে রেনজির অনুগত বলে বিবেচনা করা হয়। তিনিও রেনজির ডেমোক্র্যাটিক পার্টির নেতা।

সংবিধান সংশোধন প্রশ্নে গণভোটে শোচনীয় হারের পর দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি গেল সপ্তায় পদত্যাগের ঘোষণা দেন।।

ইতালিতে নিযুক্ত বিবিসির প্রতিনিধিরা বলছেন, জেনতিলোনি যদি সমর্থন আদায়ে সফল হন তবে কয়েকদিনের মধ্যেই নয়া মন্ত্রিসভা গঠন করা হতে পারে।

সরকার গঠনের আমন্ত্রণ গ্রহণ করে দেওয়া সংক্ষিপ্ত এক ভাষণে জেনতিলোনি বলেন, দেশকে স্থিতিশীল ও আশ্বস্ত রাখার জন্য দ্রুত সরকার গঠনের প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করতে পারছেন।

তিনি বলেন, আগের প্রশাসনিক কাঠামোর সঙ্গেও কাজ করবেন। এর অর্থ, তিনি বেশ কয়েকজন মন্ত্রীকে পুনর্বহাল করবেন।

জনপ্রিয় ফাইভ স্টার মুভমেন্টনহ বিরোধীদলগুলো জানিয়ে দিয়েছে, নয়া সরকার অনুমোদনে পার্লামেন্টের ভোট বয়কট করবে তারা। কারণ এর কোনো আইনি বৈধতা নেই বলে তাদের দাবি।

বুধবার ইতালির পার্লামেন্টে নয়া সরকার অনুমোদনে ভোট হওয়ার কথা রয়েছে।

বিরোধীদলগুলো দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে।

২০১৮ সালের মে মাসে দেশটির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফলে নয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর জেনতিলোনি পরবর্তী নির্বাচনের আগে ১৪ মাস সময় পাবেন।

তবে অনেকের বিশ্বাস নির্ধারিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ভূমিকা এবং আঞ্চলিক কর্তৃপক্ষের ক্ষমতা কমিয়ে আনতে  সংবিধান সংশোধনের লক্ষ্যে ইতালিতে ৪ ডিসেম্বর গণভোট হয়।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএআইয়ের বুথফেরত জরিপে দেখা যায়, ৪২ থেকে ৪৬ শতাংশ ভোটার প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির ডাকে সাড়া দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন; বাকি ৫৪ থেকে ৫৮ শতাংশ ভোটার তাকে ‘না’ বলে দিয়েছেন।

এরপর সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী রেনজি। তিনি বলেন, ভোটের ফল তিনি মেনে নিয়েছেন।

অর্থনৈতিক সংস্কারের ধীরগতি নিয়ে সমালোচনার মুখে এনরিকো লেত্তার পদত্যাগের পর ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ইতালির প্রধানমন্ত্রী হন ৩৯ বছর বয়সী মাত্তিও রেনজি।

ইতালির ইতিহাসে তিনিই সবচেয়ে কম বয়সে সরকার প্রধানের দায়িত্বে আসেন।