মেসেডোনিয়ার নির্বাচনে ক্ষমতাসীনরা এগিয়ে
মেসেডোনিয়ার সাধারণ নির্বাচনে ভোট গণনা চলছে। তবে এখনো পর্যন্ত ক্ষমতাসীন রক্ষণশীল পার্টি সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে বলে জানা গেছে।
বিবিসি বলছে, রোববার দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অর্ধেকেরও বেশি ভোট গণনার পর দেখা যায়, রক্ষণশীল ভিএমআরও-ডিপিএমএনই পেয়েছে ৩৯ শতাংশ এবং এসডিএসএম সোস্যাল ডেমক্র্যাটসরা পেয়েছে ৩৬ শতাংশ ভোট।
উভয় দলের কর্মী-সমর্থকেরা রাস্তায় নেমে নিজেদের জয়ী বলে দাবি করছে।
রোববারের নির্বাচনে কোনো বুথ ফেরৎ জরিপ হয়নি।
রাজনৈতিক স্থবিরতা অবসানে দুই বছর আগে পশ্চিমাদের উদ্যোগে হওয়া চুক্তির অংশ হিসেবে এই নির্বাচন অনুষ্ঠিত হল।
দেশটির প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েস্কির দলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্লাটকো গরচেব দলীয় সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে বলেন, “আমরা আজ রাতে, ডিসেম্বরের ১১ তারিখে, আবারও জয়ী হয়েছি।
অন্যদিকে, এসডিএসএম নেতা জোরান জায়েব উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে “আমরা জয়ী!” -ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।
