২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে নিহত ৬০

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উয়ো নগরীতে একটি গির্জার ছাদ ধসে পড়ার পর সেখান থেকে ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 06:21 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

যদিও অন্যান্য কয়েকটি গণমাধ্যম নিহতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে।

ইউনিভার্সিটি অব উইও টিচিং হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে ‘দ্য টেলিগ্রাফ’ এর খবরে নিহতের সংখ্যা ১৬০ জন বলা হয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়,  এদিন একজন বিশপের অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে প্রচুর মানুষ গির্জার ভেতরে জড়ো হয়েছিল। হঠাৎ করেই ছাদসহ গির্জার উপরের অংশ ধসে পড়ে।

রেইনার্স বাইবেল গির্জায় দুর্ঘটনার সময় রাজ্যের গভর্নর ইউদোম ইমানুয়েলও সেখানে উপস্থিত ছিলেন। তিনি সামান্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বিবিসি’কে বলেন, গির্জাটির সংস্কার কাজ চলছিল। বিশপের অভিষেক অনুষ্ঠানের জন্য শ্রমিকরা দ্রুত গতিতে কাজ শেষ করতে চাইছিল।

দ্রুত কাজ করতে গিয়ে কাজের মান খারাপ হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়ছেন গভর্নর ইমানুয়েল।

দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ব্যক্তি স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, “হঠাৎ করে প্রার্থনা করতে আসা মানুষদের উপর গির্জার ছাদ ভেঙে পড়ে। গভর্নরকে দ্রুত উদ্ধার করা হয়। কিন্তু অন্যরা তার মত ভাগ্যবান ছিলেন না।”

এ ঘটনায় প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারী ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন।