অস্ট্রেলিয়ায় বজ্রপাতে মার্কিন পর্যটকের মৃত্যু
অস্ট্রেলিয়ার একটি পর্বতে অবস্থানকালে বজ্রপাতে মার্কিন এক নাগরিকের মৃত্যু হয়েছে।
বিবিসি বলছে, মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসে ২৪ বছর বয়সী ওই ব্যক্তির তাঁবুর উপরে থাকা গাছে বজ্রপাত হলে তাৎক্ষণিকভাবে তিনি মারা যান।
স্থানীয় গণমাধ্যমে ওই ব্যক্তির নাম স্যাম বেট্টি বলে উল্লেখ করা হয়েছে। তিনি নিউ ইয়র্কের বাসিন্দা ছিলেন।
তার মেয়েবন্ধু মিশেল সিগালাও ওই সময় তাঁবুতে ছিলেন। তিনি মাথায় ও ঘাড়ে আঘাত পেয়েছেন।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আট সপ্তা আগে এই দুই পর্যটক অস্ট্রেলিয়াতে আসেন। তারা বছরব্যাপী অস্ট্রেলিয়া ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলেন। এই সময়টুকু বিভিন্ন স্থানে তাঁবু খাটিয়ে থাকার পরিকল্পনাও ছিল তাদের।
দুই পর্বতারোহী সিগালার কান্নার আওয়াজ পেয়ে তাদের উদ্ধার করেন। কিন্তু এর ১৫ মিনিট আগেই বেট্টি মারা যান।
পুলিশ জানিয়েছে, পর্বতারোহীরা বেট্টিকে বাঁচাতে এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তিনি তাৎক্ষণিকভাবেই মারা গিয়েছিলেন।
মাথায় ও ঘাড়ে আঘাত পাওয়া সিগালাকে মুরউইলুম্বা ঘাঁটির হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
