লাজুক অভিনেত্রী থেকে তামিলনাড়ুর রানি জয়ললিতা
সিনেমা জগতে প্রথম পা দেওয়ার সময়কার লাজুক বালিকা জয়ললিতা কয়েক দশক পরই তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় তারকা থেকে হয়ে ওঠেন রাজ্যের একজন সফল রাজনীতিক। যার স্বপ্ন ছিল জাতীয় পর্যায়ে বড় ধরনের ভূমিকা রাখা।
১৯৬০ ও ৭০'র দশকের ডাকসাইটে এ চলচ্চিত্র অভিনেত্রী রাজনীতিতেও সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তামিলরা তাকে পুজো করেন দেবী রূপে, ‘অধিপরাশক্তি’ নামে- (তামিল জনগোষ্ঠীর সবচেয়ে শক্তিশালী দেবী) যে নাম জয়ললিতারই অভিনীত একটি তামিল চলচ্চিত্র থেকে নেওয়া।
তার মৃত্যুতে শুধু তার রাজ্য তামিলনাড়ুতেই নয় বরং ভারতের রাজনীতিতেই এক ধরনের শূন্যতার সৃষ্টি হয়েছে, যেটি সহজে পূরণ হওয়ার নয়।
সোমবার গভীর রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান ৬৮ বছর বয়সী জয়ললিতা।
প্রভাব বিস্তারকারী এবং রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী জয়ললিতা পুরুষশাসিত তামিল সমাজ থেকে উঠে এসে বিশ্বকে দেখিয়েছেন নারীর ক্ষমতা। জয়ললিতা ব্রাহ্মণ রাজনীতিবিদ হিসেবে রাজ্যের তীব্র ব্রাহ্মণবিরোধী পরিবেশে নিজ আসন পোক্ত করে নিয়েছিলেন।
সফল অভিনেত্রী
শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ এমনকি ভারতের সফল নারী রাজনীতিবিদরা ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে উঠে আসলেও জয়ললিতার পটভূমি ছিল সম্পূর্ণ ভিন্ন।
জয়ললিতা জয়রাম- ছবি: রয়টার্স
কিন্তু মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জয়ললিতার মা ছিলেন একজন তামিল অভিনেত্রী।
মাধ্যমিক পরীক্ষায় নিজ রাজ্যে সেরা হওয়া জয়ললিতা বৃত্তি নিয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হন। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী বড়মাপের আইনজীবী হতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের আর্থিক অনটনের কারণে একসময় অনিচ্ছা সত্ত্বেও অভিনয় শুরু করেন তিনি।
অভিনেতা এবং পরিবর্তীতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমজি রামাচন্দ্রনের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন জয়াললিতা।
ষাটের দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়ললিতা ১৪০টি বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তামিল, তেলেগু েএবং কানাড়া ভাষায় বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন জয়াললিতা। তার সময়ে দক্ষিণের তাদৎ শীর্ষ নায়কদের সমান পারিশ্রমিক পেতেন তিনি।
পথপ্রদর্শক নারী
ইংরেজিতে দারুণ দক্ষ জয়ললিতা অভিনয়ের পাশাপাশি গানও গাইতে পারতেন।
দুর্দান্ত সাহসী এই নারী বরাবরই প্রচলিত প্রথা ভেঙে নতুন পথে হেঁটেছেন। ষাটের দশকের চলচ্চিত্রে সাধারণত নায়ককে ঘিরেই গল্প এগিয়ে চলত, সেখানে নায়িকাদের ভূমিকা নিতান্তই ক্ষুদ্র ছিল।
বাঁধাধরা এই নিয়ম থেকে বেরিয়ে আসাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন জয়ললিতা। অভিনয় জীবনের এক পর্যায়ে নায়ককে ঘিরে আবর্তিত নায়িকার চরিত্র থেকে বেরিয়ে এসে স্বাধীনচেতা নারীর চরিত্রে অভিনয় শুরু করেন তিনি।
তবে যশ ও খ্যাতির চূড়ায় থাকা জয়ললিতার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই টানাহেঁচড়া চলেছে। জয়ললিতার ব্যক্তিগত জীবনের ছোট্ট ঘটনাও তামিল ম্যাগাজিনগুলোতে রঙ চড়িয়ে প্রকাশ করা হয়েছে।
রাজনীতির চূড়ায় থাকা অবস্থায়ও একই ঘটনার শিকার হতে হয়েছে জয়ললিতাকে।
গত শতকের ৮০’র দশকে এমজি রামাচন্দ্রনের হাত ধরেই অভিনয় থেকে রাজনীতিতে প্রবেশ করেন জয়ললিতা। শুরুতে তিনি অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে)দলের প্রচার সচিব হিসেবে কাজ শুরু করেন। ১৯৮২ প্রথম তাকে সরাসরি রাজনীতির মাঠে দেখা যায়।
জয়ললিতা, তামিলনাড়ুতে তিনি আম্মা নামেই পরিচিত- রয়টার্স
শত্রুতা ডেকে আনা
অভিনেত্রী ও রাজনীতিবিদ হিসেবে দারুণ সফল জয়লালিতা পরিবারিক জীবনে ছিলেন অনেকটাই একা। ভাই ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার বিরোধ ছিল।
জয়ললিতার একাকীত্ব এবং পারিবারিক বন্ধনের অভাবকে তার ব্যক্তিত্বের ত্রুটি হিসাবেই সবসময় জাহির করতে চেয়ে এসেছে প্রতিদ্বন্দ্বীরা।
সমালোচকরাও বরাবরই জয়ললিতাকে দুর্নীতির জন্য দোষারোপ করার পাশাপাশি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে তার রূঢ়ভাবে পাশ কাটিয়ে যাওয়া এবং দুর্নীতির একটি অভ্যন্তরীন চক্র তৈরি করা নিয়ে সমালোচনা করে এসেছে।
রাজনীতিবিদ হিসেবে বিতর্কিত জয়ললিতার বিরুদ্ধে দুর্নীতি, বিরোধীদের নিষ্ঠুরভাবে দমন এবং দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ারও অভিযোগ রয়েছে।
মাঝরাতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের গ্রেপ্তার করানো এবং ১৯৯৯ সালে তৎকালীন ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী নেতৃত্বাধীন বিজেপি সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার ঘোষণায় ভারত জুড়ে অনেকে জয়ললিতার শত্রুতে পরিণত হয়, এমনকি তার নিজ দলের অনেক নেতাকর্মী তার বিরুদ্ধে অবস্থান নেয়।
‘ভারতের ইমেদলা মার্কোস’ও আখ্যা পেয়েছিলেন জয়ললিতা।
১৯৯৫ সালে তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী থাকার সময় ব্যাপক জাঁকজমকভাবে নিজের পালিত পুত্রের বিয়ে দেন জয়ললিতা। যে কারণে তার আয়ের উৎস ও দুর্নীতি নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। মাত্র এক বছর পর পালিত পুত্রকে ত্যায্য করেন তিনি।
তবে দুর্নীতির বাঘা বাঘা অভিযোগ মাথায় নিয়েও জয়ললিতা পার পেয়ে গেছেন তার ভক্তদের কারণে। জয়ললিতা তার সময়কার পুরুষ রাজনীতিবিদদের তুলনায় বেশি দুর্নীতিবাজ ছিলেন না বলেই বিশ্বাস করে তার সমর্থকরা।
স্পষ্টভাষী
স্পষ্টভাষী জয়ললিতা প্রথম থেকেই সাধারণ মানুষের ভক্তির সঙ্গে পুরুষ নেতাদের আক্রমণেরও লক্ষ্য হয়েছেন।
পাল্টা জবাবে পুরুষতন্ত্রের বিরুদ্ধে তার প্রতিবাদ কেবল রাজনীতিতেই নয়, জীবনেও চলেছে। বাবার দিক থেকে কর্নাটকের মান্ডিয়াম আয়েঙ্গার গোষ্ঠীর মেয়ে হয়েও চিরকাল মায়ের বংশপরিচয়ে নিজেকে তামিল বলে এসেছেন জয়ললিতা।
জয়ললিতার ছবি হাতে তার সমর্থকরা- ছবি: রয়টার্স
তবে মুখ্যমন্ত্রী হিসাবে মেয়াদের শেষ দিকে একজন দয়াশীল এবং উদার ‘মা’ রূপী ব্যক্তিত্ব হিসাবে নিজের ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি।
অনিশ্চিত ভবিষ্যৎ
সফলভাবে নিজের সমাজকল্যাণ মূলক নানা কাজের জন্য দেবীর আসনে চলে গিয়েছিলেন জয়ললিতা। দরিদ্রদের হাতে সস্তায় খাবার ও পানি তুলে দিতে পারায় তামিল নাড়ুর সাধারণ মানুষ তাকে ‘আম্মা’ উপাধী দেয়।
রাজ্যের রাজস্ব আয়ের একতৃতীয়াংশের বেশিরভাগই বিভিন্ন পণ্যের ভর্তুকি দিতে ব্যয় করতেন তিনি। তার এই উদ্যোগ নারী ও শিশুদের মধ্যে তাকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছিল।
ভারতে সর্বপ্রথম তালিম নাড়ুতে সরকারি হাসপাতালগুলোতে তৃতীয় লিঙ্গের মানুষদের রোগ নির্ণয় ও চিকিৎসার অনুমতি দেওয়া হয়।
এত সবের পরও দুর্নীতির অভিযোগে বারবারই গ্রেপ্তার এবং আদালতের মুখোমুখি হতে হয়েছে জয়ললিতাকে, কারাবাসও করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত ওই সব অভিযোগ থেকে সসম্মানে মুক্তি পেয়েছেন তিনি।
সবশেষে বলা যায়, পুরুষতান্ত্রিক সমাজে জয়ললিতা একা নারী যিনি স্রোতের বিপরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের আখ্যান সৃষ্টি করেছেন- চলচ্চিত্র এবং রাজনীতি উভয় ক্ষেত্রেই।
এমন একজন ব্যক্তিত্বের মৃত্যু তার দলকে একরকম বিপর্যয়ের মুখেই দাঁড় করিয়ে দিয়েছে।
