জয়ললিতা সমাহিত
চেন্নাইয়ের মারিনা বিচে এমজিআর-এর সমাধির পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় সামাহিত করা হয়েছে তামিলনাড়ুর প্রথম নারী মুখ্যমন্ত্রী, ভক্তদের প্রিয় ‘আম্মা’ জয়রাম জয়ললিতাকে।
মঙ্গলবার ঠিক সূর্যাস্তের পরপরই চন্দনকাঠে তৈরি জয়ললিতার কফিন কবরে নামানো হয়, এ সময় সমাধির চারপাশে লাল কার্পেট পাতা ছিল।
দীর্ঘদিন ধরে সমস্ত বিপদে-আপদে আস্থার সঙ্গে জয়ললিতার পাশে থাকা শশীকলা নটরাজন শেষকৃত্যানুষ্ঠানের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
প্রিয় ‘আম্মা’ কে শেষ বিদায় জানাতে এদিন লাখ লাখ মানুষ মারিনা বিচে জড় হয়, অনেকে ৭ থেকে ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে সেখানে উপস্থিত হয়।
এনডিটিভির খবর বলা হয়, শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে আসা অনেককেই ‘আম্মা, আম্মা’ বলে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
সোমবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান ৬৮ বছর বয়সী জয়ললিতা। ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ এ তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ারাম জয়ললিতার শেষকৃত্যানুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: রয়টার্স
প্রিয় নেতার মৃত্যুতে সাধারণ মানুষের কান্না।ছবি: রয়টার্স
সর্ব সাধারণের শ্রদ্ধা প্রকাশের জন্য সেখান থেকে তার মৃতদেহ জাতীয় পতাকায় মুড়ে পাবলিক অডিটোরিয়াম রাজাজি হলে রাখা হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বিকালে রাজাজি হলে জয়ললিতার প্রতি শেষ শ্রদ্ধা প্রকাশ করেন।
জয়ললিতার ছবি হাতে তার সমর্থকরা- ছবি: রয়টার্স
বিশৃঙ্খলা এড়াতে এ সময় কয়েক হাজার পুলিশ মৃতদেহবাহী গাড়ির আশেপাশে পাহারা দেয়।
প্রিয় নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করতে জয়ললিতার সমর্থকদের প্রায়ই সহিংস পথ বেছে নিতে দেখা গেছে।
২০১৪ সালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের পর তার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করতে মাথা মুড়ে ফেলে এবং সরকারি যানবাহন ও সম্পত্তিতে হামলা করে।
ওই সময় তার অন্তত ২০০ জন সমর্থক ক্ষোভ প্রকাশ করতে গিয়ে আত্মহত্যা করেছেন বলেও দাবি করে জয়ললিতার দল এআইএডিএমকে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ারাম জয়ললিতার মৃতদেহবাহী গাড়ির চারপাশে কঠোর পুলিশ পাহারা। ছবি: রয়টার্স
জয়ললিতা জয়রাম- ছবি: রয়টার্স
মহারাষ্ট্র বিধানসভার অধিবেশনেও শোক প্রস্তাব এনে এক দিনের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।
এছাড়া সারা দেশ জুড়ে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
