২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘানায় যুক্তরাষ্ট্রের ভুয়া দূতাবাস

ঘানার রাজধানী আক্রায় দশক ধরে চলা যুক্তরাষ্ট্রের ভুয়া দূতাবাসের সন্ধান পাওয়া গেছে, যেখান থেকে অর্থের বিনিময়ে ভুয়া ভিসা দেওয়া হত বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 02:43 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

তুরস্ক ও ঘানার একদল প্রতারক ছয় হাজার ডলারের বিনিময়ে সেখান থেকে ভিসা দিয়ে আসছিল বলে সোমবার বিবিসি ও ওয়াশিংটন পোস্টসহ আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

নভেম্বরের প্রথম সপ্তাহে ওই প্রতারক চক্রের কয়েক সদস্যকে আটক করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এর পর গত কয়েকদিন ঘানায় ভুয়া দূতাবাসের অস্তিত্ব নিয়ে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা শুরু হয়।

বিবিসি বলছে, ১০ বছর ধরে চলা ওই ভুয়া দূতাবাস ভবনের সামনে নিয়মিত যুক্তরাষ্ট্রের পতাকা উড়ত; এমনকি ভেতরে প্রেসিডেন্ট বারাক ওবামার ছবিও ছিল।

নভেম্বরের প্রথম সপ্তাহে ঘানা পুলিশের সহায়তায় ভুয়া দূতাবাস পরিচালনায় জড়িত প্রতারকদের কয়েকজনকে আটকের খবর দেয় যুক্তরাষ্ট্র।

ঘানার আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালিয়ে ১০টি দেশের ১৫০টির বেশি পাসপোর্ট উদ্ধার করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বিলবোর্ড ও নানা ধরণের বিজ্ঞাপনের মাধ্যমে ঘানা, আইভরি কোস্ট ও টোগোর প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ব্যক্তিদের প্রতারণার ফাঁদে ফেলা হতো। প্রতারকচক্র ওই ভবনের পাশে নেদারল্যান্ডের একটি ভূয়া দূতাবাসও খুলেছিল বলে মার্কিন গণমাধ্যমের খবর।

স্টেট ডিপার্টমেন্টের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর মুখপাত্র উইলিয়াম কক্স বলেন, ঘানায় যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক দূতাবাসের কর্মকর্তারা গত গ্রীষ্মে দেশটির পুলিশের সহায়তায় ওই ভুয়া দূতাবাস বন্ধ করেছিলেন।

“আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে মোটা অংকের ঘুষ দিয়ে ভুয়া দূতাবাসটির কার্যক্রম অব্যাহত রাখা হয়েছিল। দূতাবাসটির কনসাল অফিসার ছিলেন তুরষ্কের নাগরিক এবং তিনি ইংরেজী ও ডাচ ভাষায় অনর্গল কথা বলতে পারতেন।”

আক্রায় যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক দূতাবাস থাকার পরও একদশক ধরে ভুয়া দূতাবাস চালিয়ে কীভাবে প্রতারণা করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে।

দূতাবাসটির জাল ভিসায় কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পেরেছে কী না তা নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।