ব্রাজিলের সিনেট প্রেসিডেন্টকে পদত্যাগের নির্দেশ
ব্রাজিলের সুপ্রিম কোর্টের একজন বিচারক দেশটির সবচে প্রবীণ রাজনীতিকদের একজন রেনান কাল্লিউসকে সিনেটের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
বিবিসি বলছে, বিচারক মার্কো ওরেলিও মেলো একটি আদেশ জারি করেছেন। তাতে বলা হয়েছে, গেল সপ্তায় সুপ্রিম কোর্ট আদেশ দেয়, অর্থ আত্মসাৎতের অভিযোগে কাল্লিউসকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
এই নির্দেশের পর সিনেটের প্রেসিডেন্ট পদে তার থাকা সমর্থনযোগ্য নয়- বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
কাল্লিউস একটি নির্মাণ প্রতিষ্ঠান থেকে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
দেশটির মধ্য-ডানপন্থি বর্তমান প্রেসিডেন্ট মিচেল তেমেরের ঘনিষ্ট মিত্র বলে পরিচিত কাল্লিউস।
বামপন্থি রেডে পার্টির অনুরোধের পরিপ্রেক্ষিতে বিচারক মার্কো ওরেলিও মেলো এই নিষেধাজ্ঞা জারি করেন।
রেডে পার্টির দাবি, অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি রয়েছেন এমন কোনো ব্যক্তি প্রেসিডেন্টের উত্তরাধিকারের সারিতে থাকতে পারেন না।
সিনেটের প্রধান হিসেবে চেম্বার অব ডেপুটিসের স্পিকার রডরিগো মায়ার পরেই কাল্লিউসের অবস্থান।
ব্রাজিলে বর্তমানে ভাইস-প্রেসিডেন্ট পদে কেউ নেই। চলতি বছরের শুরুর দিকে সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফের কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে।
অভিশংসনের মুখে রৌসেফ ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
বিচারক মেলোর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। তবে সুপ্রিম কোর্টের বিচারকদের সংখ্যা গরিষ্ঠ অংশ চাইলে এই সিদ্ধান্ত রদ করতে পারেন।
