জয়ললিতার মৃত্যুতে তামিলনাড়ুতে সাতদিনের শোক
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের মৃত্যুতে রাজ্য সরকার সাতদিনের শোক ঘোষণা করেছে।
এনডিটিভি বলছে, এক ঘোষণায় রাজ্যের প্রধান সচিব পি রামা মোহানা রাও বলেন, শোক পালনের এই সাতদিন রাজ্যের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এই সময়ে কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।
ঘোষণায় বলা হয়, “তামিলনাড়ু সরকার গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে, তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম ৫ ডিসেম্বর ২০১৬, সোমবার রাত ১১.৩০ মিনিটে মারা গেছেন। রাজ্য ৬.১২.১৬ থেকে সাতদিন শোক পালন করবে। এই সময়ে সকল সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারি কোনো বিনোদনমূলক অনুষ্ঠান এই সময়ে অনুষ্ঠিত হবে না।”
রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে তিনদিনের ছুটি ঘোষণা করেছে সরকার।
রাজ্যের গণ্ডির মধ্যে থেকেই যারা ভারতের কেন্দ্রীয় রাজনীতির কলকাঠি নাড়তে সক্ষম ছিলেন, তাদের একজন ছিলেন জয়ললিতা।
সোমবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়।
তিন মাস ধরে এই হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী জয়ললিতা। এর মধ্যে সোমবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি ঘটলে কয়েকটি টেলিভিশনে তার মৃত্যুর খবরও প্রচার হয়ে গিয়েছিল।
জয়ললিতার দল অল ইন্ডিয়া আন্না মুনেত্রা কাজাঘম (এআইডিএমকে) এর দপ্তরে দলীয় পতাকা অর্ধনমিতও করে ফেলা হয়েছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ একে গুজব বলে উড়িয়ে দিয়ে বলেছিল, ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন ৬৮ বছর বয়সী এই রাজনীতিক। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কিন্তু শেষ পর্যন্ত রাত সাড়ে ১১ টায় তার মৃত্যুর খবর আসে।
