২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভা থেকে ফিলিপিন্সের ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

ফিলিপিন্সে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভাইস প্রেসিডেন্ট লেনি রব্রেডো। একইসঙ্গে বিরোধদলের নেতৃত্ব দিয়ে প্রেসিডেন্ট রডরিগো দোতার্তের নীতিকে চ্যালেঞ্জ জানানোর অঙ্গীকারও করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 09:18 PM

Updated : 12 Apr 2022, 03:27 AM

বিশেষ করে দোতার্তের মাদকের বিরুদ্ধে প্রাণঘাতী অভিযান এবং মৃত্যুদণ্ড পুনর্বহালের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানাতে চান রব্রেডো।

আবাসন মন্ত্রী পদে ইস্তফা দিয়ে একটি চিঠি প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন রব্রেডো। তবে ভাইস প্রেসিডেন্ট পদে বহাল থাকছেন তিনি।

দোতার্তের সঙ্গে নীতি নিয়ে প্রায়ই সংঘাতে জড়াতেন রব্রেডো। পরে মন্ত্রিসভার সব মিটিংয়ে তার যোগদান থেকে বিরত থাকার ব্যাপারে প্রেসিডেন্টের কাছ থেকে নির্দেশ আসার একটি বার্তা পাওয়ার পর রব্রেডো মন্ত্রীপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

ফিলিপিন্সে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট আলাদা আলাদাভাবে নির্বাচিত হন এবং তারা প্রায়ই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলেরই হয়ে থাকেন। রব্রেডোও একইভাবে গত মে মাসে আলাদাভাবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার পর এখন তাকে ভাইস প্রেসিডেন্ট পদ থেকেও সরানোর চেষ্টা চলছে বলে সতর্ক করে দিয়েছেন রব্রেডো। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠক থেকে বিরত থাকার ব্যাপারে প্রেসিডেন্ট দোতার্তের নির্দেশ তাকে বরখাস্ত করারই শামিল।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মন্ত্রিসভার বৈঠকে আর অংশ নিতে না দেওয়ার মানে কি? এ থেকে কি বোঝা যায়? আমি বিরোধীদলের নেতৃত্বে থাকব। আর জনগণের জন্য ক্ষতিকারক নীতিরও প্রতিবাদ জানাব।”