১৫ আরোহীসহ ইন্দোনেশীয় পুলিশ বিমান নিখোঁজ
সিঙ্গাপুরের দক্ষিণে বাতাম দ্বীপে যাওয়ার পথে ইন্দোনেশীয় পুলিশের একটি বিমান ১৫ জন আরোহীসহ নিখোঁজ হয়েছে।
শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইন্দোনেশীয় পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ।
ওই দিন সকাল সাড়ে ৯টায় বিমানটি বাংকা দ্বীপের পাংকাল পিয়াং থেকে যাত্রা করেছিল। দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি মেনসানাক ও সেবাংকা বা গেন্টার দ্বীপের মধ্যবর্তী সাগরে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, একটি উদ্ধারকারী দল সাগর থেকে আসন, মালপত্র ও নথিপত্র উদ্ধার করেছে, এগুলো নিখোঁজ বিমানটির বলে ধারণা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থা জানিয়েছে, যাত্রীদের ব্যবহৃত কয়েকটি জিনিসও পাওয়া গেছে।
ওই সংস্থার প্রধান বামবাং সৌলিস্তো জানিয়েছেন, তাদের উদ্ধারকারী দল সাগরের ২০০ বর্গনটিক্যাল মাইল এলাকায় তল্লাশি চালাচ্ছে।
তিনি বলেন, “আমরা ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছি।”
পুলিশের চারটি জাহাজও ওই এলাকায় তল্লাশিতে নিয়োজিত রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ বেঁচে আছেন কিনা তা পরিষ্কার হওয়া যায়নি।
