২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দক্ষিণপূর্ব এশিয়ায় আইএসের সহিংসতার ঝুঁকি বাড়ছে’

দক্ষিণপূর্ব এশিয়ায় ইসলামিক স্টেট (আইএস) সমর্থকদের কাছ থেকে চরমপন্থি সহিংসতার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী কে সানমুগাম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2016, 10:24 PM

Updated : 12 Apr 2022, 03:26 AM

মধ্যপ্রাচ্যে পরাজয়ের মুখে থাকার কারণে আইএস হামলা চালানোর জন্য নতুন ক্ষেত্র খুঁজতে থাকায় এ ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে শুক্রবার জানান তিনি।

এনডিটিভি’র খবরে বলা হয়, ইরাক এবং সিরিয়ায় দ্রুতই বহু এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস। আর এর কারণেই জঙ্গি গোষ্ঠীটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিশোধ হামলা চালাতে উদ্যত হতে পারে। এশিয়ার এ অঞ্চলটির কিছু কিছু জায়গায় আইএস এর সমর্থনও আছে।

সাংবাদিকদেরকে মন্ত্রী সানমুগাম বলেন, গতবছর কিংবা তার আগের বছরের তুলনায় এখন হুমকি আরও বেড়েছে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো দীর্ঘদিন থেকেই ইসলামি জঙ্গি তৎপরতার বিরুদ্ধে লড়াই করে আসছে। তাছাড়া, এ অঞ্চল থেকে শত শত কট্টরপন্থি আইএস এ যোগও দিয়েছে। ফিলিপিন্সের বেশকয়েকটি কট্টরপন্থি ইসলামিক দল আইএসর আনুগত্য স্বীকার করেছে।

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় আইএসের প্রভাব বাড়তে থাকায় সেখানে গত বছর থেকে সহিংসতা এবং হামলা প্রচেষ্টা বেড়েছে।