২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নভেম্বরে নিরাপত্তা বাহিনীর ১,৯৫০ সদস্য নিহত

ইরাকজুড়ে নভেম্বর মাসে নিরাপত্তা বাহিনীর অন্তত ১ হাজার ৯৫৯ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2016, 08:59 PM

Updated : 12 Apr 2022, 03:26 AM

বিবিসি জানায়, ইরাক সরকার আইএসের কাছ থেকে মসুল পুনর্দখলের অভিযান শুরুর পর নিহতের এ সংখ্যা অক্টোবরের চেয়ে প্রায় তিনগুণ বেশি।

নভেম্বরে নিহত হয়েছে ৯২৬ জন বেসামরিক মানুষ এবং আহত হয়েছে আরও ৯৩০ জন।

ইরাকে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জান কুবিস বলেছেন, হতাহতের এ সংখ্যা অবাক করার মত।

তিনি বলেন, মসুল এবং নিনেভেহ এলাকায় আইএস তাদের নিয়ন্ত্রণ ধরে রাখার মরিয়া চেষ্টায় বেসামরিক নাগরিকদের ওপর চড়াও হয়েছে। লড়াইয়ে তাদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছে।

ছয়সপ্তাহের মসুল অভিযানে ইরাকের নিরাপত্তা বাহিনী বেসামরিক মানুষ হতাহতের ঘটনা এড়ানোর চেষ্টা চালানোর ঘোষণা দিলেও কোনও ফল হয়নি।

বাগদাদে আইএস জঙ্গিরা গতমাসে একের পর এক বোমা হামলা চালিয়েছে। এতে ১৫২ জন নিহত এবং ৫৮১ জন আহত হয়েছে। নিনেভেহ প্রদেশে নিহত হয়েছে ৩৩২ জন এবং আহত হয়েছে ১১৪ জন।

তবে আঞ্চলিকভাবে নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহতের সংখ্যার এরকম সুনির্দিষ্ট কোনও হিসাব পাওয়া যায়নি।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি সতর্ক করে দিয়ে বলেছে, মসুল পুনর্দখলের লড়াই আরও কয়েকম মাস ধরে চলতে পারে।