২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চন্দ্রমানব’ অলড্রিন অসুস্থ দক্ষিণ মেরুতে

চাঁদের বুকে পা রাখা মানব প্রজাতির দ্বিতীয় সন্তান বাজ অলড্রিন দক্ষিণ মেরুতে অভিযানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 10:45 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

৮৬ বছর বয়সী অলড্রিনকে এই অবস্থায় সেখান থেকে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

একটি পর্যটক দলের সঙ্গে দক্ষিণ মেরু সফরে গিয়েছিলেন অলড্রিন। হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে টুর অপারেটর হোয়াইট ডেজার্টের এক বিবৃতিতে জানানো হয়।

একজন চিকিৎসকের তত্ত্বাবধানে অলড্রিনকে দ্রুত একটি বিমানে করে দক্ষিণ মেরু থেকে কাছাকাছি একটি মার্কিন গবেষণা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

তার অবস্থা এখন স্থিতিশীল জানালেও কী সমস‌্যা হয়েছিল, সে বিষয়ে কিছু বলা হয়নি বিবৃতিতে।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ও নভোচারী বাজ আলড্রিন ৩৯ বছর বয়সে অ্যাপোলো ১১ চন্দ্র অভিযানে অংশ নিয়েছিলেন।

১৯৬৯ সালের ২০ জুলাই সহকর্মী নিল আর্মস্ট্রং চাঁদে নামার ২০ মিনিট পরই চাঁদে পা রাখেন অলড্রিন।

মানুষের প্রথম চাঁদে পা দেওয়ার ঐতিহাসিক সেই দৃশ্য টিভিতে দেখেছিল সারা বিশ্বের মানুষ।

১৯৭১ সালে অলড্রিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ছেড়ে দিলেও বৈজ্ঞানিক বিভিন্ন মিশনে ভ্রমণ এবং মহাকাশ গবেষণা উন্নয়নের কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন।