২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার সিনেটে সংশোধিত শান্তিচুক্তি অনুমোদন

বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে সংশোধিত শান্তিচুক্তি অনুমোদন করেছে কলম্বিয়ার সিনেট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 11:43 AM

Updated : 12 Apr 2022, 03:25 AM

পাঁচ দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ফার্ক গেরিলাদের সঙ্গে কলম্বিয়া সরকারের করা ‘ঐতিহাসিক’ প্রথম শান্তিচুক্তিটি গেল মাসে গণভোটে খুব কম ব্যবধানে প্রত্যাখ্যান করে দেশটির ভোটাররা।

বিবিসি বলছে, দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস জানিয়েছেন, চুক্তির নয়া প্রস্তাবনাগুলো শক্তিশালী এবং বিরোধীদের চাওয়া অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে।

দেশটির সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের নেতৃত্বাধীন বিরোধীরা দাবি করছেন, সংশোধিত চুক্তিতেও ফার্ক গেরিলা নেতাদের অনেক ছাড় দেওয়া হয়েছে।

সংশোধিত এই চুক্তিটি এখন অনুমোদনের জন্য কংগ্রেসের নিম্নকক্ষে পাঠানো হবে।

সিনেটে অধিবেশন শুরুর আগে  মেডেলিন শহরের কাছে সোমবার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সিনেটররা।

চার বছরের আলোচনার পর দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) নেতা টিমোশেনকো ও মধ্য-ডানপন্থী সরকারের প্রধান ম্যানুয়েল সান্তোস চুক্তিতে সই করেছিলেন।

চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হতে জনগণের ‘সম্মতি’র দরকার ছিল; সে জন্য আয়োজিত গণভোটে তা বাতিল হয়ে যায়।

সমালোচকদের দাবি, শান্তিচুক্তিতে ফার্কের গেরিলা বাহিনীকে বেশি ‘ছাড় দেওয়া হয়েছে’ বলে মনে করছে কলম্বিয়ার জনগণ।

চুক্তিতে জেলে থাকা অনেক গেরিলাকেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, যাদের বিরুদ্ধে অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতনের অভিযোগ রয়েছে।