আলেপ্পোয় শিশুর জন্য বই পাঠালেন রাউলিং
যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় বসবাসকারী সাত বছর বয়সী এক শিশুকে নিজের জনপ্রিয় বইয়ের কপি পাঠিয়েছেন জেকে রাউলিং।
সিএনএন বলছে, আলেপ্পোতে বসবাসকারী সাত বছর বয়সী বানা আলাবেদ নিজের শহরে চলতে থাকা বোমা হামলা আর যুদ্ধের অবস্থা ভুলে থাকার জন্য ‘হ্যারি পটার’ সিরিজের চলচ্চিত্রগুলোতে ডুবে থাকে।
গেল সপ্তার শুরুর দিকে বানার মা ফাতেমা টুইটারের মাধ্যমে রাউলিং-এর সঙ্গে যোগাযোগ করেন। এক বার্তায় তিনি জানান, তার মেয়ে বানা এবং স্থানীয় অন্য শিশুরা হ্যারি পটার চলচ্চিত্রগুলো যে বইগুলোর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সেগুলো পড়তে চায়।
রাউলিং টুইটারে সেই বার্তার উত্তর দেন। “বানা, আমি আশা করি তুমি বইগুলো পড়বে। আমার মনে হয় তুমি এটা পছন্দ করবে। তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা।”
৫১ বছর বয়সী লেখক রাউলিং হ্যারি পটার সিরিজের সবগুলো বইয়ের ইলেকট্রনিক কপি পাঠিয়ে দেন।
“বইগুলোর জন্য ধন্যবাদ বন্ধু জেকে রাউলিং।” টুইটারে বানার পক্ষ থেকে রাউলিং-এর প্রতি এভাবেই কৃতজ্ঞতা জানিয়েছে লিখেন তার মা।
রাউলিং-এর উত্তর, “তোমাদের কথা ভাবি। নিরাপদে থেকো#আলেপ্পো।”
