২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর প্রকাশ পাচ্ছে নির্যাতনের চিত্র

গত জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর তুরস্ক সরকারের নিষ্ঠুর নির্যাতনের চিত্র ধীরে ধীরে প্রকাশ হতে শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 08:40 PM

Updated : 12 Apr 2022, 03:24 AM

সেলসেন বায়ুন, তুরস্কের একজন আইনজীবী। যিনি ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত সন্দেহে আটক কয়েকজন সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই করছেন।

বিবিসি’র তুরস্ক প্রতিনিধিকে তিনি একটি ভিডিও দেখিয়ে বলেন, “মাথায় আঘাতপ্রাপ্ত এই ব্যক্তি আমার মক্কেল। তাকে এবং অন্যদের প্রচণ্ড মারধর করা হয়েছে। তাদের মাথা দেয়ালের সঙ্গে জোরে ঠুকে দিয়েছে। আমার মক্কেলকে গরম পিচের উপর হাঁটুগেড়ে বসতে বাধ্য করা হয়েছে, যার ফলে তার পা পুড়ে গেছে। আমি নিজের চোখে দেখেছি, আমার অন্য একজন মক্কেলকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ টুটি চেপে ধরেছে।”

বায়ুনের ভিডিওতে থাকা ব্যক্তিরা সাবেক সেনা কর্মকর্তা এবং ব্যর্থ সেনা অভ্যুত্থানের পেছনের মূল হোতোদের অন্যতম বলে ধারণা তুরস্ক সরকারের।

১৫ জুলাই রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করে। কিন্তু এরদোয়ানের সমর্থকরা ওই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। এ ঘটনায় অন্তত ২৬৫ জন নিহত হয়।

ওই ঘটনার পর অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তুরস্কের সরকারি ও বেসরকারি পর্যায়ের এক লাখ ২৫ হাজারের বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। আটক করা হয় আরও ৪০ হাজারের বেশি মানুষকে।

বায়ুন বলেন, “মারের চোটে তাদের পাঁজর ভেঙে গেছে। তাদের পিঠমোড়া করে হাতে হাতকড়া লাগানো হয় এবং হাতকড়ার নীচ থেকে কব্জি কেটে ফেলা হয়। তাদের শরীরের প্রতিটি হাড়ে চিড় ধরেছে।”

“নিজেদের আইনজীবীদের সঙ্গে তাদের সাক্ষাতেও কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। আমরা আমাদের মক্কেলদের সঙ্গে প্রতিবার বৈঠক করার সময় পুলিশ ও সেনা সদস্যদের সেখানে বসে থাকতে দেখেছি। এমনকি আমাদের আলাপের মধ্যেও তারা ঢুকে পড়ে। তারা প্রতিটি চিঠি পড়ে। যে কারণে আমাদের মক্কেলরা তাদের মনের কথা খুলে বলতে ভয় পায়।”

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে বলা হয়, “খুব বিশ্বাসযোগ্য সূত্র থেকে আমরা অভ্যুত্থানে জড়িত সন্দেহে আটকদের মারধর, নির্যাতন এমনকি ধর্ষণ করা হচ্ছে বলে খবর পেয়েছি।”

অভ্যুত্থান প্রচেষ্টার পর তুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়। এ অবস্থায় পুলিশ যে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করতে এবং কোনও অভিযোগ ছাড়া ৪ থেকে ৩০ দিন পর্যন্ত আটকে রাখতে পারবে।

সেইসঙ্গে আটকের প্রথম পাঁচদিন কোনও আইনজীবীকে আটক ব্যক্তির সঙ্গে দেখা করতে দিতে অস্বীকৃতি জানাতে পারবে। 

ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের নির্যাতনের বিষয়ে জানতে বিবিসি’র পক্ষ থেকে তুরস্ক সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদন প্রকাশের পর তুরস্কের বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীদ্বয় একে ‘এক তরফা এবং ফেতুল্লাহ গুলেনপন্থি জঙ্গিদের দৃষ্টিকোণ থেকে বিচার করা প্রতিবেদন’ বলে বর্ণনা করেন।

সবশেষে বায়ুন বলেন, “১৫ জুলাই যে ঘটনা ঘটেছে সেটি সম্পূর্ণ বেআইনি। কিন্তু এখন যা ঘটছে সেটিও বেআইনি। আমরা শুধু ন্যায় বিচার চাইছি।”