ভারতে রুপির নোট বাতিলের প্রতিবাদে বিক্ষোভ
ভারতে ৫০০ এবং ১০০০ রুপির নোট নিষিদ্ধ করার প্রতিবাদে বেশ কয়েকটি বড় নগরীতে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে।
দুর্নীতি ও কালোটাকার বিরুদ্ধে যুদ্ধের কথা বলে ৮ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় দুইটি রুপির নোট বাতিল ঘোষণা করেন।
মোদীর আকস্মিক এ ঘোষণায় দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। লাখ লাখ মানুষকে ব্যাংকের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইন ধরে দাঁড়িয়ে রুপির পুরাতন নোট বদল করে নতুন নোট সংগ্রহ করছে।
নতুন নোটের অপ্রতুলতার কারণে নোট পরিবর্তনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। যার ফলে দৈনন্দিন প্রয়োজনের অর্থ সংগ্রহ করতেই জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
বিরোধী দলগুলোর অভিযোগ, যেভাবে নোট নিষিদ্ধ করা হয়েছে এবং পুরো বিষয়টি সরকার যেভাবে পরিচালনা করেছে তাতে ব্যাপক অব্যবস্থাপনা হয়েছে।
বিবিসি’র খবরে বলা হয়, বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখন সব স্বাভাবিক হতে সময় লাগবে।
দুর্নীতি দমন করতে সরকার রুপির নোট বাতিল করলেও বাস্তবে এ উদ্যোগের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ করছে বিরোধীদলগুলো।
গত সপ্তাহে পার্লামেন্টে বিরোধীদলের নেতারা রুপির নোট বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় এবং এ সিদ্ধান্তের জন্য মোদীকে ক্ষমা চাওয়ার দাবি জানায়।
সোমবার বিরোধী দল বিশেষ করে বামপন্থি দলগুলো দেশজুড়ে ‘ডে অব র্যাগ’ পালন করে।
কলকাতা, ব্যাঙ্গালুরু ও লক্ষনৌতে বিক্ষোভ মিছিল হয়েছে।
তবে দক্ষিণের রাজ্য কেরেলা এবং পূর্বের রাজ্য ত্রিপুরায় কড়া ধর্মঘট পালিত হয়েছে। কমিউনিস্ট দল শাসিত এই দুইটি রাজ্যে এদিন যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল। দোকানপাটও খোলেনি।
কংগ্রেস দলের মনিশ তিওয়ারি সাংবাদিকদের বলেন, “সরকারের কোনও ধরনের পূর্ব ঘোষণা না দিয়েই অর্থনৈতিক জরুরি অবস্থা জারি এবং ওই অবৈধ সিদ্ধান্তের কারণে দেশজুড়ে জনগণকে যে ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি আমরা।”
